কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন নবীজি (সা.)
কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন নবীজি (সা.)
মানুষের জীবনে অসুস্থতা একটি কঠিন পরীক্ষা। নানা ধরনের দুরারোগ্য ও প্রাণঘাতী রোগে আক্রান্ত হলে চিকিৎসার পাশাপাশি মহান আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করার ওপরও গুরুত্ব দিয়েছে ইসলাম। কোরআন ও হাদিসে রোগমুক্তি এবং কঠিন ব্যাধি থেকে সুরক্ষার জন্য বেশ কিছু দোয়ার উল্লেখ পাওয়া যায়।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, রোগ ও সুস্থতা উভয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তাই প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পাশাপাশি আল্লাহর সাহায্য ও রহমত কামনা করা একজন মুমিনের দায়িত্ব। রাসুলুল্লাহ (সা.) নিজেও বিভিন্ন সময় রোগব্যাধি থেকে সুরক্ষা এবং আরোগ্যের জন্য বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন।
কুষ্ঠ, ধবল (শ্বেতী), উন্মাদনা এবং অন্যান্য কঠিন রোগ থেকে আশ্রয় প্রার্থনা করে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তেন, তা হলো—
আরবি:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ
উচ্চারণ:
‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি; ওয়াল জুনুনি; ওয়াল জুজামি; ওয়া সাইয়্যিয়িল আসক্বাম।’
অর্থ:
‘হে আল্লাহ, আমি অবশ্যই তোমার কাছে ধবল (শ্বেতী), উন্মাদ (পাগলামি), কুষ্ঠরোগ এবং সব ধরনের কঠিন রোগ থেকে আশ্রয় প্রার্থনা করছি।’
সূত্র: সুনানে আবু দাউদ।
এ ছাড়া রোগমুক্তি ও প্রয়োজন পূরণের আশায় একটি গুরুত্বপূর্ণ দোয়ার কথাও হাদিসে বর্ণিত হয়েছে। উসমান ইবনে হুনাইফ (রা.) থেকে বর্ণিত, এক অন্ধ ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে সুস্থতার জন্য দোয়া চান। তখন নবীজি (সা.) তাকে উত্তমভাবে অজু করে এই দোয়া পড়তে নির্দেশ দেন—
আরবি:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ، يَا مُحَمَّدُ إِنِّي تَوَجَّهْتُ بِكَ إِلَى رَبِّي فِي حَاجَتِي هَذِهِ لِتُقْضَى لِي، اللَّهُمَّ فَشَفِّعْهُ فِيَّ
উচ্চারণ:
‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিইয়িকা মুহাম্মাদিন নাবিইয়ির রাহমাহ, ইয়া মুহাম্মাদু ইন্নি তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাজিহি লিতুকদ্বা লি, আল্লাহুম্মা ফাশাফফি’হু ফিইয়া।’
অর্থ:
‘হে আল্লাহ, তোমার কাছে আমি প্রার্থনা করি এবং তোমার প্রতি মনোনিবেশ করি তোমার নবী, দয়ার নবী মুহাম্মদ (সা.)-এর (দোয়ার) মাধ্যমে। (হে নবী!) আমি আপনার মাধ্যমে আমার প্রয়োজনের জন্য আমার প্রভুর দিকে ধাবিত হলাম, যাতে আমার এ প্রয়োজন পূর্ণ করে দেওয়া হয়। হে আল্লাহ! আমার প্রসঙ্গে তুমি তাঁর সুপারিশ কবুল করো।’
সূত্র: জামে তিরমিজি (৩৫৭৮), মুসতাদরাকে হাকিম।
ইসলামে রোগব্যাধির ক্ষেত্রে চিকিৎসা গ্রহণের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া ও ইস্তিগফার করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। তাই কোনো রোগে আক্রান্ত হলে হতাশ না হয়ে চিকিৎসার পাশাপাশি নিয়মিত দোয়া, আমল এবং আল্লাহর ওপর ভরসা রাখা একজন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আপনার মতামত লিখুন
Array