খাগড়াছড়ি শহরের সড়কে অবাধে ঘুরে বেড়াচ্ছে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়কে অবাধে ঘুরে বেড়ানো গবাদিপশু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
খাগড়াছড়ি শহরের প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলিতে অবাধে ঘুরে বেড়ানো গবাদিপশু এখন সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গরুর উপস্থিতি দেখা যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
সরেজমিনে এসআইবি নিউজের প্রতিবেদক হাসপাতাল গেট থেকে সদর থানা পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে সড়কের ওপর গরুর অবস্থান এবং বিভিন্ন স্থানে গরুর গোবর ছড়িয়ে থাকতে দেখেছেন। চেঙ্গি স্কয়ার, মাস্টারপাড়া মোড়, নারিকেল বাগান, হাসপাতাল সড়কসহ শহরের বিভিন্ন এলাকায় একই চিত্র চোখে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করে গরু সড়কে উঠে আসায় রিকশা, মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহন চালকদের হঠাৎ ব্রেক করতে হয়। আবার যানবাহনের হর্নে ভয় পেয়ে গরু ছোটাছুটি করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়।
প্রতিদিন সকালে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক পরিষ্কার করলেও কিছুক্ষণ পরই আবার গবাদিপশুর বিচরণে বিভিন্ন স্থানে গোবর জমে যায়। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগ তৈরি হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানা সংলগ্ন হাইস্কুল মাঠে ওঠার সড়কেও গরুর গোবর দেখা গেছে। পাশেই জেলা প্রশাসকের কার্যালয় এবং বিকেলে ওই এলাকায় অনেক তরুণ খেলাধুলা করতে আসেন। স্থানীয়দের মতে, এ অবস্থায় যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান, রাতে গরুগুলো দোকানের সিঁড়িতে মল ত্যাগ করে। ফলে সকালে দোকান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে অতিরিক্ত সময় ও শ্রম দিতে হয়। তিনি এ সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
নাগরিকদের দাবি, শহরের সড়কে অবাধে গবাদিপশু বিচরণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং নগরীর পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সহজ হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
