ফেনীতে শিশুকে উত্ত্যক্তের অভিযোগ, এক তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
ফেনীতে শিশুকে উত্ত্যক্তের অভিযোগ, এক তরুণ গ্রেপ্তার

শিশুকে উত্ত্যক্তের অভিযোগে দায়ের করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।

ফেনীতে এক শিশুকে উত্ত্যক্ত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম মোজাম্মেল হোসেন (২০)। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ফেনী মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, মোজাম্মেল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার মৈশাইল গ্রামের মনির হোসেনের ছেলে। তবে তিনি পরিবারের সঙ্গে ফেনী সদর উপজেলার উত্তর সিলোনিয়া এলাকায় বসবাস করে আসছেন।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই দুপুরে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এরপর শিশুটির বাবা বৃহস্পতিবার বিকেলে তিন তরুণের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার পর রাতেই অভিযান চালিয়ে মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অপর দুই আসামি হলেন ফেনী সদর উপজেলার পশ্চিম সিলোনিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ সালমান (২০) এবং সাত্রাসিদ্ধি গ্রামের মনির আহাম্মদের ছেলে মোহাম্মদ মাহফুজ (১৯)।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত অন্য দুই ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন