গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য প্রায় ১০০ কোটি ডলারের নতুন তহবিল ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন।

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন এবং মানবিক সহায়তার জন্য প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ‘টিম গাজা ইনিশিয়েটিভ’ নামে এই কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ফিলিস্তিন দাতা গোষ্ঠীর বৈঠকে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। ইউরোপীয় কমিশন জানিয়েছে, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক প্রয়োজন পূরণ এবং পুনর্বাসনের জন্য এই তহবিল ব্যয় করা হবে।

ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, এ উদ্যোগে ৮৮৩ দশমিক ৬ মিলিয়ন ইউরো বরাদ্দ রাখা হয়েছে। এই কর্মসূচিতে ইউরোপের ১২টি দেশ, জাপান, বিশ্বব্যাংক এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (EIB) অংশগ্রহণ করছে।

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরেই অন্যতম নির্ভরযোগ্য অংশীদার।

তিনি বলেন, গাজার মানুষের মৌলিক প্রয়োজন পূরণ, যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তা অপরিহার্য। পাশাপাশি ফিলিস্তিনিদের নেতৃত্বেই একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কাজা কালাস আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন