মেট্রোরেল যাত্রীদের জন্য নতুন সুখবর
রাতের শেষ ট্রেনের সময় বাড়ানোর পরিকল্পনা করছে ডিএমটিসিএল।
রাতের যাত্রীদের ভিড় কমাতে এবং সেবা আরও সহজ করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী সেপ্টেম্বর থেকে রাতের শেষ ট্রেনের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়ানো হতে পারে।
বুধবার (১২ আগস্ট) ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাতে মেট্রোরেলে দুটি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রেন চালুর দিন-তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে। নতুন ট্রেন যুক্ত হলে দুটি ট্রেনের মধ্যে চলাচলের বিরতিও কমে আসবে।
ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের চলাচলের সময় ২০ থেকে ৩০ মিনিট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে রাতের শেষ ট্রেন রাত ১১টা পর্যন্ত চালানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
বর্তমানে রাতে শেষ ট্রেনে যাত্রীদের চাপ বেশি থাকায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে কর্মজীবী মানুষ ও রাতের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সময় বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
ডিএমটিসিএল সূত্র জানায়, রাতে ট্রেনের সংখ্যা বাড়াতে নতুন চালক বা অপারেটর প্রয়োজন হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগের কাজ শেষ হয়েছে। তাদের প্রশিক্ষণ আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। প্রশিক্ষণ শেষে নতুন অপারেটরদের দায়িত্ব দেওয়া হবে।
এ ছাড়া রাতে ট্রেন চলাচলের সময় বাড়ানো হলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য কারিগরি প্রস্তুতি কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এর আগে গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল। তবে সময় বাড়ানোর পরও যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় শেষ ট্রেনে ভিড় কমেনি। বর্তমানে প্রতিদিন রাতে প্রায় ১০ হাজারের মতো অতিরিক্ত যাত্রী মেট্রোরেলে চলাচল করছেন।
যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতেই আবারও রাতের ট্রেন চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
