আন্দোলন স্থগিতের ঘোষণা ককরোচ জনতা পার্টির, দাবি বাস্তবায়নে সরকারের আশ্বাস

reporter
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
আন্দোলন স্থগিতের ঘোষণা ককরোচ জনতা পার্টির, দাবি বাস্তবায়নে সরকারের আশ্বাস

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিচ্ছেন ককরোচ জনতা পার্টির নেতারা

ভারত সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কয়েকদিন ধরে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা এ আন্দোলনের ইতি টানার সিদ্ধান্তের কথা শনিবার এক সংবাদ সম্মেলনে জানায় দলটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সিজেপির নেতারা জানান, তাদের উত্থাপিত দাবিগুলো নিয়ে ইতিবাচক অগ্রগতির আশ্বাস পাওয়ায় আপাতত আন্দোলন স্থগিত করা হচ্ছে। দলটির ভাষ্য, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তারা পর্যবেক্ষণ করবে।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, আন্দোলনের শুরু থেকেই তারা চারটি গুরুত্বপূর্ণ দাবি সামনে রেখেছিলেন। এর মধ্যে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, আন্দোলন দমনে অভিযানে অংশ নেওয়া বাহিনীর ভূমিকার বিষয়ে জবাবদিহি এবং আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা।

এর আগে একই দিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। এরপর সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বাকি দাবিগুলো নিয়েও সমঝোতার পরিবেশ তৈরি হয়েছে বলে জানায় সিজেপি। দলটির দাবি, সরকার তাদের উত্থাপিত বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনা করতে সম্মত হয়েছে।

সৌরভ দাস আরও বলেন, আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, সংগঠক বা সমর্থকদের বিরুদ্ধে নতুন কোনো মামলা না করার বিষয়েও আশ্বাস চাওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে লিখিতভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়েও সরকার ইতিবাচক অবস্থান নিয়েছে। ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া ও অন্যান্য বিষয় লিখিতভাবে জানানো হবে বলে আন্দোলনকারীদের জানানো হয়েছে।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা জানান, শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতির সংস্কার নিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। তার ভাষ্য, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

সম্প্রতি ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের কয়েকটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। পরে বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরিস্থিতির জেরে ককরোচ জনতা পার্টির ডাকে রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। গত সোমবার পার্লামেন্ট অভিমুখে হাজারো আন্দোলনকারীর মিছিলকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল দিল্লির অন্যতম বড় বিক্ষোভ।

সর্বশেষ সরকারের আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা এলেও সিজেপি জানিয়েছে, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অগ্রগতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে ভবিষ্যতে আবারও কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে দলটির নেতারা।

সূত্র:The Daily Star

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page