ভেঙে গেল উসাইন বোল্টের বিশ্বরেকর্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ণ
ভেঙে গেল উসাইন বোল্টের বিশ্বরেকর্ড

ভেঙে গেল উসাইন বোল্টের বিশ্বরেকর্ড

মানব ইতিহাসে দ্রুততম মানব হিসেবে দীর্ঘদিন ধরে বিশ্বরেকর্ড ধরে রেখেছিলেন জ্যামাইকান কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনারের তৈরি একটি মানবসদৃশ রোবট।

‘লাইটনিং’ নামের ওই হিউম্যানয়েড রোবট মাত্র ৯ দশমিক ৩২ সেকেন্ডে ১০০ মিটার পথ অতিক্রম করেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। এর মাধ্যমে ২০০৯ সালে উসাইন বোল্টের গড়া ৯ দশমিক ৫৮ সেকেন্ডের রেকর্ডকে পেছনে ফেলেছে রোবটটি।

বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক একটি ট্রায়াল ইভেন্টে অংশ নেয় লাইটনিং। পরীক্ষায় রোবটটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১৪ দশমিক ৫ মিটার গতি অর্জন করতে সক্ষম হয়।

২০০৯ সালে বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে ৯ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। দীর্ঘদিন ধরে মানুষের দৌড়ের সর্বোচ্চ মানদণ্ড হিসেবে বিবেচিত হয়ে আসছিল এই রেকর্ড।

অনারের তৈরি লাইটনিং রোবটটি এর আগেও দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে। গত এপ্রিলে অনুষ্ঠিত বেইজিং হাফ ম্যারাথনে ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিজয়ী হয়েছিল এটি। রোবটটি ওই দৌড় শেষ করে ৫০ মিনিট ২৬ সেকেন্ডে, যা পুরুষদের হাফ ম্যারাথনের বিশ্বরেকর্ডধারী অ্যাথলেটের গতির চেয়েও বেশি ছিল।

১৬৯ সেন্টিমিটার উচ্চতার এই রোবটের পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। তবে পরবর্তী সময়ে গবেষকেরা এর পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১ দশমিক ০৫ মিটারে উন্নীত করেছেন।

চীন বর্তমানে হিউম্যানয়েড রোবট প্রযুক্তিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শিল্প হিসেবে বিবেচনা করছে। দেশটির সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মনে করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত হার্ডওয়্যার প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতে উৎপাদন, লজিস্টিকস ও বিভিন্ন সেবা খাতে রোবটের ব্যবহার ব্যাপকভাবে বাড়বে।

তবে বিশেষজ্ঞদের মতে, মানুষের সঙ্গে রোবটের দৌড়ের তুলনা পুরোপুরি একইভাবে করা যায় না। কারণ মানুষের শরীরের গঠন, শক্তি ব্যবহার ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা রোবটের প্রযুক্তিগত কাঠামো থেকে আলাদা।

তারপরও লাইটনিংয়ের এই সাফল্য হিউম্যানয়েড রোবট প্রযুক্তির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page