কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট OpenAI এবার ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনাতেও বড় পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটিতে নতুন ‘পার্সোনাল ফাইন্যান্স’ টুল চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড এবং বিনিয়োগ অ্যাকাউন্ট সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করতে পারবেন।
আরও পড়ুনঃ- চ্যাটজিপিটির ১০টি অদ্ভুত সুবিধা জানলে আপনি হতবাক হয়ে যাবেন!
প্রাথমিকভাবে নতুন এই সুবিধা যুক্তরাষ্ট্রের ChatGPT Pro গ্রাহকদের জন্য চালু করা হয়েছে।
অ্যাকাউন্ট সংযোগের জন্য ওপেনএআই কাজ করছে আর্থিক তথ্য সংযোগসেবা প্রতিষ্ঠান Plaid–এর সঙ্গে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ১২ হাজারের বেশি আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। তালিকায় রয়েছে Chase, Fidelity Investments, Robinhood এবং American Express–এর মতো প্রতিষ্ঠান।
অ্যাকাউন্ট যুক্ত হওয়ার পর চ্যাটজিপিটিতে একটি আলাদা ড্যাশবোর্ড দেখা যাবে। সেখানে মাসিক খরচ, বিনিয়োগের অবস্থা, সাবস্ক্রিপশন এবং আসন্ন বিল বা পেমেন্টের তথ্য এক জায়গায় দেখা যাবে।
ব্যবহারকারীরা এরপর স্বাভাবিক ভাষায় প্রশ্ন করতে পারবেন। যেমন—
“আমার খরচ কি আগের তুলনায় বেড়েছে?”
অথবা
“আগামী পাঁচ বছরে বাড়ি কেনার জন্য কীভাবে সঞ্চয় করা উচিত?”
চ্যাটজিপিটি তখন ব্যবহারকারীর আর্থিক তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য পরামর্শ দেওয়ার চেষ্টা করবে।
ওপেনএআই জানিয়েছে, প্রতি মাসে প্রায় ২০ কোটির বেশি ব্যবহারকারী চ্যাটজিপিটিকে অর্থ ও ব্যক্তিগত ফাইন্যান্স সম্পর্কিত প্রশ্ন করেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন এই টুল তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, নতুন GPT-5.5 মডেল আগের তুলনায় আরও উন্নত প্রসঙ্গভিত্তিক বিশ্লেষণ করতে সক্ষম। ফলে আর্থিক তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যায় এটি আরও কার্যকর হবে।
এই ফিচার চালুর আগে ওপেনএআই ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা–সংক্রান্ত স্টার্টআপ Hero–এর টিম অধিগ্রহণ করেছিল। প্রতিষ্ঠানটির মতে, সেই দলের প্রযুক্তিগত অভিজ্ঞতা নতুন এই সিস্টেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভবিষ্যতে কর হিসাব, শেয়ার বিক্রির প্রভাব বিশ্লেষণ এবং ক্রেডিট কার্ড অনুমোদনের সম্ভাবনার মতো আরও উন্নত আর্থিক বিশ্লেষণ সুবিধাও যুক্ত করা হবে বলে জানিয়েছে ওপেনএআই।
তবে ব্যক্তিগত আর্থিক তথ্য ব্যবহারের কারণে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। এ বিষয়ে ওপেনএআই বলেছে, ব্যবহারকারীরা যেকোনো সময় অ্যাকাউন্টের সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন এবং সংযোগ বিচ্ছিন্ন করার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট তথ্য মুছে ফেলা হবে।
📌 সূত্রঃ OpenAI, Plaid ও প্রযুক্তি বিশ্লেষকদের তথ্য
আরও পড়ুনঃ- এখন হোয়াটসঅ্যাপেই চ্যাটজিপিটি ব্যবহার করে তৈরি করুন AI দিয়ে ছবি!২০২৫ আপডেট









