বুফে খাওয়া কি ইসলামে বৈধ? ইসলাম কী বলে

ধর্ম বিষয়ক প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
বুফে খাওয়া কি ইসলামে বৈধ? ইসলাম কী বলে

বুফে পদ্ধতিতে খাবার গ্রহণ নিয়ে ইসলামি ব্যাখ্যা

বর্তমান সময়ে রেস্তোরাঁ, হোটেল ও বিভিন্ন অনুষ্ঠানে বুফে খাবারের প্রচলন অনেক বেড়েছে। নির্দিষ্ট একটি মূল্য পরিশোধ করে গ্রাহকরা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতে পারেন। তবে এ পদ্ধতিতে খাবারের পরিমাণ আগে থেকে নির্ধারিত থাকে না এবং সাধারণত খাবার বাইরে নিয়ে যাওয়ার অনুমতিও থাকে না।

এ কারণে অনেকের মনে প্রশ্ন আসে, ইসলামের দৃষ্টিতে বুফে পদ্ধতিতে খাবার গ্রহণ বৈধ কি না? এ বিষয়ে ইসলামি আইনবিদদের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে।

ইসলামের সাধারণ নীতিমালা অনুযায়ী কোনো ক্রয়-বিক্রয় চুক্তি বৈধ হওয়ার জন্য পণ্য ও তার পরিমাণ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। বুফে ব্যবস্থায় গ্রাহক কতটুকু খাবার গ্রহণ করবেন বা কোন কোন খাবার কত পরিমাণে খাবেন, তা আগে থেকে নির্ধারিত থাকে না। এ কারণে প্রাথমিক দৃষ্টিতে এ ধরনের লেনদেনে অনিশ্চয়তা বা ‘গারার’ থাকার বিষয়টি সামনে আসে।

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মুফতি তাকি উসমানি বলেন, চুক্তির সময় খাবার ও তার পরিমাণ অজানা থাকায় এ ধরনের বিক্রয়চুক্তি নিয়ে আপত্তির সুযোগ রয়েছে। কারণ এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের ক্ষতির আশঙ্কা থাকতে পারে। (ফিকহুল বুয়ু, খণ্ড ১, পৃষ্ঠা ৩৮৮)

তবে বর্তমান সময়ে বুফে পদ্ধতি একটি প্রচলিত ও স্বীকৃত ব্যবসায়িক রীতিতে পরিণত হয়েছে। হোটেল কর্তৃপক্ষ ও গ্রাহক উভয়েই এই ব্যবস্থার নিয়ম সম্পর্কে অবগত থাকেন এবং স্বেচ্ছায় এতে অংশ নেন। সম্ভাব্য লাভ-ক্ষতি উভয় পক্ষই আগে থেকে মেনে নেন।

ইসলামি ফিকহের দৃষ্টিতে সব ধরনের অনিশ্চয়তা চুক্তিকে বাতিল করে না। যে অনিশ্চয়তা খুব সামান্য এবং সমাজে প্রচলিত রীতির কারণে গ্রহণযোগ্য, তাকে ‘গারারে ইয়াসির’ বলা হয়। এ ধরনের সামান্য অনিশ্চয়তা সাধারণত চুক্তিকে অকার্যকর করে না।

সমকালীন অনেক ইসলামি ফকিহের মতে, বুফে ব্যবস্থায় বিদ্যমান অনিশ্চয়তা এই পর্যায়ের হওয়ায় এতে খাবার গ্রহণ করা বৈধ। কারণ, এটি বর্তমানে স্বীকৃত একটি ব্যবসায়িক পদ্ধতি এবং সাধারণত এ নিয়ে বড় ধরনের বিরোধ বা প্রতারণার ঘটনা ঘটে না।

এ বিষয়ে একটি উদাহরণ হিসেবে নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে গোসলখানা ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়। সেখানে ব্যবহারকারী কতক্ষণ গোসল করবেন বা কতটুকু পানি ব্যবহার করবেন, তা আগে থেকে নির্ধারিত থাকে না। কেউ কম সময় ও কম পানি ব্যবহার করেন, আবার কেউ বেশি ব্যবহার করেন। এরপরও ফকিহরা এটিকে বৈধ বলেছেন। কারণ এখানে অনিশ্চয়তা সামান্য এবং প্রচলিত রীতির কারণে তা গ্রহণযোগ্য।

বুফে খাবারের ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য বলে মনে করেন ইসলামি বিশেষজ্ঞরা।

তবে বুফে খাওয়ার সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা জরুরি। প্রথমত, প্রয়োজন ও রুচি অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে। অতিরিক্ত খাবার নিয়ে পরে ফেলে দেওয়া বা নষ্ট করা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয়।

আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ: ৩১)

তাই বুফেতে যতটুকু খাবার খাওয়া সম্ভব, ততটুকুই নেওয়া উচিত। প্রয়োজনে পরে আবার খাবার নেওয়া যেতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বুফেতে খাবারের মালিকানা কীভাবে কার্যকর হয়। সাধারণত গ্রাহক নির্দিষ্ট অর্থ দিয়ে পুরো খাবারের মালিক হয়ে যান না; বরং নির্দিষ্ট শর্তে খাবার গ্রহণের অনুমতি পান।

যে পরিমাণ খাবার তিনি গ্রহণ করে খেয়ে ফেলেন, সে পরিমাণের ওপর তার অধিকার প্রতিষ্ঠিত হয়। তবে বড় পাত্র থেকে খাবার নিয়ে প্লেটে নেওয়ার পর সেটির বিধান স্থানীয় প্রচলিত নিয়মের ওপর নির্ভর করবে।

যদি প্রচলিত নিয়ম অনুযায়ী প্লেটে নেওয়া খাবার আর ফেরত দেওয়া যায় না এবং তা গ্রাহকের জন্য নির্ধারিত হয়ে যায়, তাহলে সেটি তার দায়িত্বের মধ্যে পড়ে। আর যদি নিয়ম অনুযায়ী তা ফেরত দেওয়া বৈধ হয় এবং মালিকানা প্রতিষ্ঠিত না হয়, তাহলে ভিন্ন বিধান প্রযোজ্য হবে।

সুতরাং, বর্তমান প্রচলিত নিয়ম ও ইসলামি ফিকহের আলোকে অধিকাংশ আলেমের মতে বুফে পদ্ধতিতে খাবার গ্রহণ বৈধ। তবে খাবারের অপচয়, অপব্যবহার এবং অতিরিক্ত গ্রহণ থেকে বিরত থাকা একজন মুসলমানের দায়িত্ব।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন