আজীবন পেনশনসহ সর্বজনীন পেনশনে আসছে যেসব সুবিধা

প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
আজীবন পেনশনসহ সর্বজনীন পেনশনে আসছে যেসব সুবিধা

স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশনসহ সর্বজনীন পেনশন ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বজনীন পেনশন ব্যবস্থায় মানুষের অংশগ্রহণ বাড়াতে একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবগুলোর মধ্যে পেনশনারের মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়া, পেনশনারদের স্বাস্থ্যবীমার আওতায় আনা, বিশেষ প্রয়োজনে জমার অর্থের একটি অংশ ঋণ হিসেবে নেওয়ার সুযোগ এবং নির্দিষ্ট শর্তে পেনশন ব্যবস্থা থেকে বের হয়ে পুরো অর্থ তুলে নেওয়ার সুযোগ রয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভায় এসব সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। সভাটি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পদাধিকারবলে অর্থমন্ত্রী জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান জানিয়েছেন, মানুষের আগ্রহ বাড়াতে বেশ কিছু সংস্কার প্রস্তাব পর্ষদের সভায় উপস্থাপন করা হবে। এসব প্রস্তাব অনুমোদন এবং বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন সুবিধাগুলো চালু করা হতে পারে।

সরকার ২০২৩ সালের আগস্টে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করে। বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই সামাজিক নিরাপত্তার আওতায় আনা এবং ভবিষ্যতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গিয়ে নির্ভরশীলতার হার বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ব্যবস্থা চালু করা হয়। তবে প্রায় তিন বছরেও এতে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বর্তমানে সর্বজনীন পেনশনের চারটি স্কিমে ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন নিবন্ধিত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের তথ্য। তাঁদের জমার পরিমাণ ২৮৮ কোটি ৫২ লাখ টাকা। তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধনকারীর সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৩২৭ জন দেখানো হয়েছে।

দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের জন্য চালু করা ‘সমতা’ স্কিমে নিবন্ধিত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ২২৪ জন। এ স্কিমে জমা হয়েছে ৫৬ কোটি ৮৫ লাখ টাকা। প্রবাসীদের জন্য চালু করা ‘প্রবাস’ স্কিমে অংশগ্রহণ সবচেয়ে কম। এ পর্যন্ত ১ হাজার ১৭১ জন প্রবাসী এতে নিবন্ধিত হয়েছেন, যাঁদের মধ্যে নারী ৯৭ জন। এই স্কিমে জমা হয়েছে ১১ কোটি ৮৭ লাখ টাকা।

বর্তমান নিয়ম অনুযায়ী, পেনশনার ৬০ বছর বয়সে মাসিক পেনশন পাওয়া শুরু করেন। পেনশন চলাকালে তাঁর মৃত্যু হলে নমিনি পেনশনারের ৭৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত একই হারে মাসিক পেনশন পান। জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যেও বর্তমানে পেনশনারের মৃত্যুর পর নমিনির ৭৫ বছর বয়স পর্যন্ত পেনশন পাওয়ার বিধান উল্লেখ রয়েছে।

নতুন প্রস্তাবে নমিনির পরিবর্তে পেনশনারের স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার কথা বলা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের প্রচলিত পেনশন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে পেনশন পাওয়ার বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর করার বিষয়টিও পর্ষদের সভায় আলোচনায় উঠতে পারে।

বিশেষ প্রয়োজনে পেনশন গ্রাহকের জমা করা অর্থের একটি অংশ ঋণ হিসেবে নেওয়ার সুযোগ চালুর পরিকল্পনাও রয়েছে। আইনে এ ধরনের সুযোগের কথা থাকলেও এতদিন তা কার্যকর হয়নি। প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট প্রয়োজনে গ্রাহক তাঁর জমার একটি অংশ ঋণ হিসেবে নিতে পারবেন। এ ঋণের বিপরীতে যে সুদ পাওয়া যাবে, সেটিও সংশ্লিষ্ট গ্রাহকের পেনশন হিসাবে জমা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া কেউ পেনশন ব্যবস্থায় পাঁচ বছর চাঁদা দেওয়ার পর শারীরিক ও আর্থিকভাবে অক্ষম হয়ে পড়লে বিশেষ বিবেচনায় ব্যবস্থা থেকে বের হয়ে পুরো অর্থ তুলে নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে দীর্ঘমেয়াদি পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে গ্রাহকদের আর্থিক অনিশ্চয়তা কিছুটা কমতে পারে।

পেনশনারদের স্বাস্থ্যবীমার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে সরকারের। এ জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। প্রস্তাবিত পরিকল্পনায় গ্রাহকদের কাছ থেকে মাসে ১০ থেকে ২০ টাকা প্রিমিয়াম নেওয়ার কথা বলা হয়েছে।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও গ্রহণযোগ্য করতে শরিয়াহভিত্তিক একটি পেনশন স্কিম চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে। পর্ষদের সভায় প্রস্তাবগুলো অনুমোদন পেলে বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বর্তমানে সর্বজনীন পেনশনের ‘প্রবাস’, ‘প্রগতি’, ‘সুরক্ষা’ ও ‘সমতা’—এই চারটি স্কিম চালু রয়েছে।
নতুন সুবিধাগুলো বাস্তবায়িত হলে ব্যবস্থাটিতে মানুষের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page