বগুড়ার শেরপুরে নিষিদ্ধ রাসায়নিক দিয়ে আইসক্রিম তৈরি, মালিককে১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
বগুড়ার শেরপুরে নিষিদ্ধ রাসায়নিক দিয়ে আইসক্রিম তৈরি, মালিককে১ লাখ টাকা জরিমানা

নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের অভিযোগে শেরপুরে কারখানাটিতে মোবাইল কোর্টের অভিযান

১০২

বগুড়ার শেরপুর উপজেলায় আইসক্রিম তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের অভিযোগে একটি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনি এলাকায় অবস্থিত ‘প্রিন্স সুপার আইসক্রিম’ কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসন, বগুড়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কারখানাটিতে আইসক্রিম তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) এবং খাদ্যে ব্যবহারের অনুপযোগী রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিমের কোন ও কাপ প্রস্তুত করা হচ্ছিল বলে অভিযানে দেখা যায়। তদন্তে আরও জানা যায়, প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই শিশুখাদ্য হিসেবে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

অভিযানকারীরা কারখানার ফ্রিজে সংরক্ষিত বিপুল পরিমাণ আইসক্রিমে নিষিদ্ধ উপাদানের ব্যবহার শনাক্ত করেন। পরে জব্দ করা এসব আইসক্রিম বিধি অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করা হয়।

অনিয়মের বিষয়টি স্বীকার করায় কারখানার স্বত্বাধিকারী মো. শিহাব উদ্দিনের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ উপাদান ব্যবহার করে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে। পাশাপাশি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ খাদ্য আইন ও সংশ্লিষ্ট নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page