চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা শুক্কুর আলীকে বহিষ্কার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন মো. শুক্কুর আলী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও হুমকি প্রদানের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত কোনো নেতার ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। একই সঙ্গে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে শুক্কুর আলীর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার ইতোমধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, চাঁদাবাজি, পুলিশ কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার এবং দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে। কোনো নেতাকর্মীর অপকর্মের দায় দল নেবে না।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শুক্কুর আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পৃথক কোনো বক্তব্যও জানা যায়নি।
সূত্র- manobkantha.com.bd
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
