আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি।

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কর্মসূচি পালন করা হয়।

শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম. কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আজ থেকে আত্রাই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় কাজ করবেন। তবে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এ কার্যক্রম পুরোপুরি সফল করা সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ডেঙ্গু একটি ভয়াবহ মশাবাহিত রোগ। শুধু প্রশাসনের একার পক্ষে এ রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। প্রত্যেককে নিজের বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে দীর্ঘসময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর রাখতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ থেকে উপজেলাকে সুরক্ষিত রাখা সম্ভব।

কর্মসূচিতে বক্তারা বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। বাড়ির আশপাশে পড়ে থাকা বিভিন্ন পাত্র, টব, টায়ার, ডাবের খোসা কিংবা অন্য কোনো স্থানে পানি জমে থাকলে সেখানে এডিস মশার প্রজনন হতে পারে। তাই নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে এসব সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা জরুরি।

আলোচনা সভা শেষে এডিস মশার বিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সঙ্গে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্টরা সাধারণ মানুষকে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করেন।

সংশ্লিষ্টরা জানান, তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার-প্রচারণাও চালানো হবে।

বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু অভিযান চলাকালীন নয়, সারা বছর বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে পানি জমে থাকার বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানকে সফল করতে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। প্রশাসনের পাশাপাশি প্রত্যেক নাগরিক নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের পরিবেশ পরিষ্কার রাখলে এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা।

সংবাদদাতা: মো. মুরাদ মৃধা, রাণীনগর, নওগাঁ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page