এআই ক্যামেরার নজরদারিতে মহাসড়কে বন্ধ হবে চাঁদাবাজি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
এআই ক্যামেরার নজরদারিতে মহাসড়কে বন্ধ হবে চাঁদাবাজি: স্বরাষ্ট্রমন্ত্রী

এআই প্রযুক্তিতে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়

মহাসড়কে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ক্যামেরা চালুর ফলে চাঁদাবাজি কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মহাসড়কে সংঘটিত বিভিন্ন অনিয়ম ক্যামেরায় রেকর্ড থাকায় দায়ীদের শনাক্ত করা সহজ হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন কিংবা অন্য কোনো পক্ষের মাধ্যমে যে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তা প্রযুক্তির নজরদারির কারণে কমবে। জনগণের সহযোগিতায় মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় ক্যামেরা ও এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম, ট্রাফিক আইন লঙ্ঘন, উল্টো পথে যান চলাচল, ওভারটেকিং এবং সাইন-সিগন্যাল অমান্যের মতো অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।

অপরাধ শনাক্ত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে জরিমানা নির্ধারণ করে সেই তথ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে পাঠানো হবে। এরপর সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জরিমানার তথ্য জানানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করা যাবে। কোনো গাড়ির বিরুদ্ধে একাধিকবার জরিমানার ঘটনা ঘটলে নিবন্ধন বাতিলের বিষয়টি বিআরটিএর আইন অনুযায়ী বিবেচনা করা হবে।

তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালুর পর এর কার্যকারিতা ও ত্রুটি পর্যালোচনা করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

অটো ফাইন সিস্টেম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশ বিভিন্ন প্রচারমাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালাবে বলেও জানান তিনি।

এ সময় মহাসড়কে তিন চাকার যান চলাচলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থ্রি-হুইলারগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হবে। তবে মহাসড়কে কোনো অবস্থাতেই নন-মোটরাইজড যানবাহন বা থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না।

লাইসেন্সবিহীন যানবাহনের বিষয়ে তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page