মনোহরদীতে কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৬ ভরি স্বর্ণ

প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
মনোহরদীতে কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৬ ভরি স্বর্ণ

মনোহরদীতে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম মাওলানা শাহাবুদ্দিন মাস্টারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত বাড়ির ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতরা প্রায় ৬ ভরি স্বর্ণালংকার লুট করে, যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। এ ছাড়া বাড়িতে থাকা নগদ টাকাও নিয়ে যায় তারা।

জানা গেছে, মরহুম মাওলানা শাহাবুদ্দিন মাস্টারের তিন ছেলে প্রবাসে থাকেন। তিন ছেলের মধ্যে একজন ছুটি নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। অপর দুই ছেলে প্রবাসে রয়েছেন—একজন কুয়েতে এবং অন্যজন সৌদি আরবে।

পরিবারের সদস্যরা জানান, রাতের আঁধারে ঘরের তালা ভেঙে ডাকাতরা বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ডাকাতির ঘটনার পর প্রবাসী পরিবারটি নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। পরিবারের সদস্যরা জানান, এমন ঘটনায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং ভবিষ্যতে আবারও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।

পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলা হয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা হোক এবং লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের ব্যবস্থা করা হোক।

স্থানীয়রাও ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page