মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

এ্যাবের উদ্যোগে মনোহরদীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে।

নরসিংদীর মনোহরদীতে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মনোহরদীর তারাকান্দী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ করা প্রতিষ্ঠানগুলো হলো—তারাকান্দী উচ্চ বিদ্যালয়, নোয়াকান্দি হাজি আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং অর্জুনচর উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম আপেল, দীপক কুমার বর্মন প্রিন্স, মো. সুরুজ মিয়া ও রায়হান উদ্দিন বাচ্চু।

তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবির।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মনোহরদীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করা হচ্ছে। তিনি বলেন, দেশে পর্যাপ্ত বৃক্ষ না থাকায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের ক্ষতির মুখোমুখি হচ্ছে। পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই।

আয়োজকরা জানান, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরি করাই মূল লক্ষ্য।

পরে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page