প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে কর্মজীবী দলের ফুলেল শুভেচ্ছা
রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে শুভেচ্ছা জানান কর্মজীবী দলের নেতারা
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কর্মজীবী দলের বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেল ৫টার দিকে রামপাল উপজেলার বড়দিয়া গ্রামে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নিজ বাড়িতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কর্মজীবী দলের নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে কর্মজীবী দলের নেতারা বলেন, বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচিত হয়ে শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় স্থানীয় মানুষের প্রত্যাশা বেড়েছে। তাঁর মাধ্যমে রামপাল ও মোংলাসহ বাগেরহাটের মানুষের বিভিন্ন সমস্যা জাতীয় পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
বক্তারা বলেন, “বাগেরহাটের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা হচ্ছে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং জনসাধারণের মৌলিক সমস্যাগুলোর সমাধান। শেখ ফরিদুল ইসলাম সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তাঁরা আরও বলেন, সুন্দরবনসংলগ্ন এই অঞ্চলের পরিবেশ,নদী, কৃষি ও মৎস্যসম্পদ রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন। দায়িত্বশীল জনপ্রতিনিধি ও প্রতিমন্ত্রী হিসেবে শেখ ফরিদুল ইসলাম এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা।
শুভেচ্ছার জবাবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কর্মজীবী দলের নেতাদের ধন্যবাদ জানান এবং এলাকার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বলে উপস্থিত নেতারা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কর্মজীবী দলের বাগেরহাট জেলা সভাপতি সরদার রেজাউল করিম রতন, সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ইমদাদুর রহমান সাগর।
এ ছাড়া মোড়েলগঞ্জ উপজেলা কর্মজীবী দলের সভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোদাচ্ছের হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তারসহ বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে বিএনপির প্রার্থী শেখ ফরিদুল ইসলাম নির্বাচিত হন। ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের ফল ঘোষণার পর ১৭ ফেব্রুয়ারি তিনি নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। বর্তমানে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। বাগেরহাট-৩ আসনের অন্তর্ভুক্ত রামপাল ও মোংলা উপজেলা।
এর আগে ২০ ফেব্রুয়ারি ২০২৬ নিজ এলাকা রামপালে গেলে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ শেখ ফরিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
