কুড়িগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান
শ্রমিক অধিকার ও সংগঠন শক্তিশালী করার আহ্বানে কুড়িগ্রামে সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শ্রমিকদের অধিকার, সংগঠনকে শক্তিশালী করা এবং শ্রমিক কল্যাণমূলক কার্যক্রম বিস্তারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অতীতের কোনো সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি। বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের মতামত ও গণরায়ের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। সরকার যদি জনগণের প্রত্যাশা উপেক্ষা করে এবং স্বৈরাচারী আচরণ করে, তবে জনগণ তার জবাব দিতে প্রস্তুত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, অতীতে শ্রমিক কল্যাণমূলক কার্যক্রম শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ছিল। তবে জুলাই-পরবর্তী সময়ে সেই কার্যক্রম আরও বিস্তৃতভাবে শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে দায়িত্বশীলদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
কুড়িগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী।
এছাড়া জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক আজিজুর রহমান সরকার (স্বপন) সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
