চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি সুলতান খাঁন সম্পাদক নোমান মিয়া
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটি
হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত নবীন ও প্রবীণ সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘চুনারুঘাট মডেল প্রেসক্লাব’। সাংবাদিকদের পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা এবং স্থানীয় গণমাধ্যমের মানোন্নয়নের লক্ষ্য নিয়ে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত এক সাধারণ সভায় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক নিরপেক্ষ-এর চুনারুঘাট প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এস এম সুলতান খাঁনকে সভাপতি এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে মো. মাসুদ আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরুজ্জামান তাহের ও মো. ফরিদ মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আজিজুল হক নাছির এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জসিম মিয়া। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. মাস্টার ফজল মিয়া।
এ ছাড়া ক্রীড়া ও পাঠাগার সম্পাদক হিসেবে জুয়েল আকরাম রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ফজলুর রহমান রিয়াদ এবং নির্বাহী সদস্য হিসেবে আসাদ ঠাকুর, এম এস জিলানী আখনজী, মীর জুবায়ের আলম ও রাসেল মিয়া তালুকদার দায়িত্ব পেয়েছেন।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার। এ সময় চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসা খানসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত প্রেসক্লাবের সভাপতি এস এম সুলতান খাঁনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নোমান মিয়া।
সভায় বক্তারা বলেন, চুনারুঘাটের মানুষের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ, অনিয়ম ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে নবগঠিত প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানো, নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের ঐক্য আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতার দায়িত্ব কেবল সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা, মানুষের অধিকার ও সমস্যার কথা গণমাধ্যমে তুলে ধরা এবং এলাকার উন্নয়ন ও সম্ভাবনার বিষয়গুলো জনসম্মুখে নিয়ে আসাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব পালনে চুনারুঘাট মডেল প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
সাধারণ সভা শেষে নবগঠিত কমিটির সফলতা এবং চুনারুঘাটের স্থানীয় সাংবাদিকতায় সংগঠনটির ইতিবাচক ভূমিকা কামনা করেন উপস্থিত সাংবাদিকরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
