বাসের পর লঞ্চ ভাড়াও বাড়ল, ১০০ কিলোমিটারে নতুন হিসাব

প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
বাসের পর লঞ্চ ভাড়াও বাড়ল, ১০০ কিলোমিটারে নতুন হিসাব

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন লঞ্চ ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সড়ক পরিবহন ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ব্যবস্থাপনা ব্যয়সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। মোট হিসাবে লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে।

মন্ত্রী বলেন, নৌযান মালিকরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিচালন ব্যয় বাড়ার কারণ দেখিয়ে ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সর্বনিম্ন ভাড়াও ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

নতুন হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২৩ পয়সা বেড়ে ৩ টাকা ১৮ পয়সা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বেড়ে ভাড়া দাঁড়িয়েছে ২ টাকা ৭২ পয়সা।

ভাড়া বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, ভাড়া বৃদ্ধি সরকারের কাম্য নয়। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পরিবহন খাতের ব্যয় বেড়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই ভাড়া যতটা সম্ভব কম রাখার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর লঞ্চ মালিকদের পক্ষ থেকে আরও বড় হারে ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছিল। মালিকদের সংগঠন একজন যাত্রীর ভাড়া প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তাদের প্রস্তাবে প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সা থেকে ৪ টাকা ২ পয়সা করার কথা বলা হয়েছিল।

তবে মালিকদের সেই প্রস্তাব অনুযায়ী ভাড়া বাড়ানো হয়নি। আলোচনার পর তুলনামূলক কম হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ফলে যাত্রীদের জন্য নির্ধারিত বাড়তি ভাড়ার হার মালিকদের দাবির তুলনায় কমই থাকছে।

লঞ্চের আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাস ও মিনিবাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সড়ক পরিবহনের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর এক দিনের ব্যবধানে নৌপথের যাত্রী পরিবহনের ভাড়াও বাড়ানো হলো।

সরকারি হিসাবে বাসের ভাড়া ২০ পয়সা বাড়ানোর সুযোগ থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার লঞ্চের ক্ষেত্রেও মালিকদের চাওয়া ১৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার আবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সড়ক ও নৌপথ—দুই ক্ষেত্রেই যাত্রী পরিবহনের খরচ বাড়ল।

নতুন ভাড়ার ফলে নৌপথে দূরপাল্লার যাত্রীদের যাতায়াত ব্যয়ও বাড়বে। বিশেষ করে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের রুটে যাত্রীরা আগের তুলনায় প্রতি কিলোমিটারে ২০ পয়সা বেশি ভাড়া দেবেন। আর অপেক্ষাকৃত কম দূরত্বের রুটে প্রতি কিলোমিটারে বাড়তি ২৩ পয়সা গুনতে হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page