নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৪
স্কুলশিক্ষককে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে নারীসহ চারজন গ্রেপ্তার
নওগাঁয় এক স্কুলশিক্ষককে কথিত হানিট্র্যাপের ফাঁদে ফেলে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর এবং চেকে টাকা লেখানোর অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুই লাখ টাকার চেক ও স্বাক্ষর করা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকার ওই স্কুলশিক্ষকের পূর্বপরিচিত ছিলেন নওগাঁর চামেলী আক্তার মিলি। গত ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে মিলি মোবাইল ফোনে ওই শিক্ষককে জরুরি কথা বলার জন্য নওগাঁ শহরের তার বাসায় আসতে বলেন।
জরুরি বিষয় মনে করে ওই শিক্ষক সেখানে গেলে মিলিসহ আরও কয়েকজন তাকে আটক করে ভয়ভীতি দেখান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। পরে ৩০০ টাকার একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার পাশাপাশি দুই লাখ টাকার একটি চেক লিখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর থানায় মামলা করা হয়। এরপর পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।
অভিযানে নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি পূর্বপাড়া এলাকার মোছা. চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাই উপজেলার বেড়াহাসন এলাকার মো. রাকিব হাসান (২৯), বদলগাছী উপজেলার নিহনপুর পূর্বপাড়া এলাকার মো. সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ফুটানিগঞ্জ এলাকার মো. নাঈম হোসেন (২৫)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে আন্তঃউপজেলা পর্যায়ে সক্রিয় একটি প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেছে। চক্রটি বিভিন্ন কৌশলে মানুষকে প্রলোভনে ফেলে, ভয়ভীতি দেখিয়ে অথবা ছবি তুলে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
অভিযানে ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া স্ট্যাম্প এবং দুই লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
