থাইল্যান্ডে মাভাবিপ্রবি উপাচার্য, এআই গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে AIT-এর সঙ্গে আলোচনা

প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
থাইল্যান্ডে মাভাবিপ্রবি উপাচার্য, এআই গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে AIT-এর সঙ্গে আলোচনা

থাইল্যান্ড সফরে মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম

উচ্চশিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গবেষণাক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে থাইল্যান্ড সফর করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম।

৫ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের সফরে থাইল্যান্ডের বিভিন্ন শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। সফরের অংশ হিসেবে ৮ সেপ্টেম্বর তিনি এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT) ক্যাম্পাস পরিদর্শন করেন।

এদিন সকালে ব্যাংককের একটি হোটেল থেকে AIT ক্যাম্পাসে যান উপাচার্য। সেখানে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক বিষয়ক দপ্তর এবং উন্নয়ন ও বহির্বিশ্ব সম্পর্কিত দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে AIT-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

পরে উপাচার্য AIT-এর Artificial Intelligence (AI) Center পরিদর্শন করেন। এ সময় AI-ভিত্তিক শিক্ষা, গবেষণা এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। একই সফরে AIT-এর Yunus Center-এর নির্বাহী পরিচালক ড. ফয়েজ শাহের সঙ্গেও তার বৈঠক হয়।

এ ছাড়া AIT-এর School of Management-এর প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন মাভাবিপ্রবি উপাচার্য। ব্যবস্থাপনা শিক্ষা, আন্তঃবিষয়ক গবেষণা এবং একাডেমিক কার্যক্রমে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে সেখানে গুরুত্ব দেওয়া হয়।

সফরে মাভাবিপ্রবি ও AIT-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়টিও আলোচনায় আসে। এর আওতায় যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সম্ভাবনা রয়েছে। AIT কর্তৃপক্ষও মাভাবিপ্রবির সঙ্গে ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

জানা গেছে, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে AIT-এর প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য MoU নিয়ে পরবর্তী অগ্রগতি হতে পারে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক যোগাযোগ বাস্তবায়িত হলে মাভাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য গবেষণা, প্রশিক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।

উপাচার্যের থাইল্যান্ড সফরের সময় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে তার দায়িত্ব পালন করেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিচুর রহমান।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

 

👍 আমাদের অফিসিয়াল Facebook Page