ইতালিতে বৈধ অভিবাসনে উৎসাহ দিতে গ্রামে গ্রামে কর্মশালার প্রস্তাব

প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
ইতালিতে বৈধ অভিবাসনে উৎসাহ দিতে গ্রামে গ্রামে কর্মশালার প্রস্তাব

ইতালিতে বৈধ অভিবাসনে নতুন উদ্যোগ

বাংলাদেশি নাগরিকদের বৈধ পথে ইতালিতে অভিবাসনে উৎসাহিত করতে গ্রাম পর্যায়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, অবৈধ পথে অভিবাসন ঠেকাতে বাংলাদেশ ও ইতালি যৌথভাবে এসব কর্মশালা আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ থেকে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা, বৈধ শ্রম অভিবাসন এবং দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের বড় একটি অংশ শরীয়তপুর ও মাদারীপুর জেলার বাসিন্দা। এসব অঞ্চলের মানুষকে বৈধ অভিবাসনের সুযোগ সম্পর্কে জানাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কর্মশালা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইতালির রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করেছেন যে, অনেক বাংলাদেশি অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করছেন। এতে নানা ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে।

রাষ্ট্রদূতের বরাত দিয়ে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে প্রতিবছর বৈধভাবে প্রায় ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ পান। পরিবারসহ এই সংখ্যা প্রায় ১২ হাজার হতে পারে।

বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ইতালিতে বসবাস করছেন উল্লেখ করে তিনি বলেন, অবৈধ অভিবাসনের ক্ষেত্রে দালাল বা অবৈধ এজেন্টদের মাধ্যমে মানুষ প্রতারিত হচ্ছে।

এদিকে, বৈধ অভিবাসনের পাশাপাশি খাদ্য নিরাপত্তা, স্থাপত্য ও দক্ষ জনশক্তি উন্নয়ন নিয়েও দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। মিলান সিটি বাংলাদেশের একটি আরবান সিটির সঙ্গে খাদ্য অপচয় রোধে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে তারা।

এ ছাড়া বাংলাদেশের স্থপতিদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও ইতালি আগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে তৃতীয় ভাষা শিক্ষা কর্মসূচিতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে দেশটি।

প্রতিমন্ত্রী জানান, ইতালি থেকে প্রশিক্ষক এনে বাংলাদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে দেশে দক্ষ প্রশিক্ষক তৈরি করে ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রশিক্ষণ কার্যক্রম চালানো হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page