গাজী নজরুলকে নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক, শেষ পর্যন্ত যা হলো

প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
গাজী নজরুলকে নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক, শেষ পর্যন্ত যা হলো

গাজী নজরুল ইসলাম ইস্যুতে সংসদে বিতর্ক

জাতীয় সংসদে বিরোধী দল থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতাদের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের অংশগ্রহণে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।

আলোচনার শুরুতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, গাজী নজরুল ইসলাম এর আগে কয়েকটি স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তবে বিরোধীদলীয় নেতার চিঠি ও অনুরোধের পর তাকে সেসব কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, একজন সংসদ সদস্যের পদ বহাল থাকা পর্যন্ত সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া এবং তাদের অবদান রাখার ব্যবস্থা করা স্পিকারের দায়িত্ব। তবে বিরোধী দলের আপত্তি থাকলে তাকে কমিটি থেকে বাদ দিতে সরকারি দলের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

এরপর বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে তাদের দলের কোটা থেকে কমিটিতে রাখা হয়নি—এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা বিষয়টি তুলেছেন। তিনি বলেন, নৈতিক কারণে দল থেকে বহিষ্কৃত একজন সদস্যকে জাতীয় সংসদের কোনো কমিটিতে না রাখাই সঙ্গত হতো।

তিনি আরও বলেন, পুনর্মূল্যায়নের সুযোগ থাকায় তাকে বাদ দেওয়া হলে সেটি একটি ভালো দৃষ্টান্ত হবে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়ে বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী শুধু দল থেকে বহিষ্কার হলেই সংসদ সদস্য পদ বাতিল হয় না। সদস্য নিজে পদত্যাগ না করলে তার আসন শূন্য হওয়ার বিষয়টি প্রযোজ্য নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে রাজনৈতিক কৌশলের বিষয়েও পরামর্শ দেন। তিনি বলেন, গাজী নজরুল ইসলাম যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সাংবিধানিক বিষয়ে ভোট দিয়ে থাকেন, তাহলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

তবে বিরোধীদলীয় নেতার সম্মানের কথা বিবেচনা করে গাজী নজরুল ইসলামকে সংশ্লিষ্ট কমিটি থেকে বাদ দিতে তাদের আপত্তি নেই বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে শফিকুর রহমান বলেন, দল থেকে বহিষ্কারের পর তিনি যে দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন—এ বিষয়টি নতুন করে বলার প্রয়োজন নেই। তবে নৈতিক অবস্থান থেকে তাকে কমিটিতে না রাখার অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বক্তব্য দিয়ে বলেন, বিরোধী দলের অবস্থান থেকে বোঝা যাচ্ছে তারা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল রাখতে চান, তবে তাকে কমিটিতে রাখতে চান না।

তিনি জানান, আইন অনুযায়ী গাজী নজরুল ইসলাম এখনও বৈধ সংসদ সদস্য। তবে বিরোধীদলীয় নেতার সম্মানার্থে তাকে প্রস্তাবিত কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে।

আলোচনার শেষ পর্যায়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৫ বিধি অনুযায়ী ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’ পুনর্গঠনের প্রস্তাব দেন। এতে গাজী নজরুল ইসলামকে বাদ দিয়ে নতুন সদস্যদের নাম পাঠ করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page