ডন গ্রেপ্তারের পর সালমান শাহ হত্যা মামলায় নতুন গতি

প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
ডন গ্রেপ্তারের পর সালমান শাহ হত্যা মামলায় নতুন গতি

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন গ্রেপ্তারের পর তদন্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর হত্যা মামলায় নতুন করে তৎপরতা শুরু হয়েছে। মামলার অন্যতম আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তারের পর এখন অন্য আসামিদের গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর পর থেকেই এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক চলে আসছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ঘটনাটি হত্যা মামলায় গড়ায়।

সালমান শাহর মৃত্যুর ঘটনায় প্রথমবার হত্যা মামলা করার আবেদন করা হয়েছিল ১৯৯৭ সালের ২৪ জুলাই। এরপর মামলাটি দীর্ঘ সময় বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করে। তবে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার পরিবার।

পরে পিবিআইয়ের প্রতিবেদন বাতিল ও নতুন করে তদন্তের দাবিতে আদালতে রিভিশন আবেদন করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের পথ তৈরি হয়।

পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় কয়েকজনকে আসামি করা হয়। তাদের মধ্যে অভিনেতা আশরাফুল হক ডনের নামও রয়েছে। গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর ডনকে আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দীর্ঘদিন পর মামলায় দৃশ্যমান অগ্রগতি দেখা গেলেও অন্য আসামিদের এখনো গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন প্রশ্ন সামনে এসেছে।

সালমান শাহর মা নীলা চৌধুরী ডনের গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে অভিযোগ করেন, ডন দীর্ঘদিন প্রকাশ্যে চলাফেরা করলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। তাকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন নীলা চৌধুরী।

নীলা চৌধুরীর ভাষ্য অনুযায়ী, সালমান শাহ ডনকে চলচ্চিত্রে আসার সুযোগ করে দিয়েছিলেন এবং পরিচিত করে তুলতে সহযোগিতা করেছিলেন। তার দাবি, সালমান শাহ বেঁচে থাকলে দেশের চলচ্চিত্রে আরও বড় পরিবর্তন আনতে পারতেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনায় আসারও ইচ্ছা ছিল তার।

অন্যদিকে গ্রেপ্তারের আগে বিভিন্ন সময়ে গণমাধ্যমে ডন সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছিলেন। অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কথা বলতে এবং আইনের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি।

ডন গ্রেপ্তারের পর এখন তদন্ত কোন দিকে এগোয়, সেটিই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। একই সঙ্গে মামলার অন্য আসামিদের অবস্থান এবং তাদের আইনের আওতায় আনার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, তা নিয়েও আগ্রহ রয়েছে সালমান শাহর পরিবার ও ভক্তদের।

সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তার ভক্তরা। মৃত্যুর বার্ষিকীতেও যশোরে মানববন্ধন করে দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

প্রায় ৩০ বছর ধরে নানা প্রশ্ন ও আইনি জটিলতার মধ্যে থাকা এই ঘটনা এখন হত্যা মামলার তদন্তের নতুন পর্যায়ে রয়েছে। ডনের গ্রেপ্তারের পর তদন্তে কী তথ্য সামনে আসে এবং অন্য আসামিদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

সূত্র: jagoNews24

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page