দারুস সালামে গৃহবধূকে গুলি, জানালার গল্প ছিল সাজানো

প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
দারুস সালামে গৃহবধূকে গুলি, জানালার গল্প ছিল সাজানো

গৃহবধূকে গুলি করার ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

রাজধানীর দারুস সালামে গৃহবধূ জেসমিন বেগমকে গুলি করার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র‍্যাব। সংস্থাটির দাবি, জানালা দিয়ে বাইরে থেকে কোনো দুর্বৃত্ত গুলি করেনি। পারিবারিক বিরোধের জেরে জেসমিনকে গুলি করেছেন তার স্বামী আব্দুল মান্নান। পরে ঘটনাটি আড়াল করতে বাইরে থেকে গুলি করার একটি গল্প সাজানো হয় বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় নিজ বাসায় গুলিবিদ্ধ হন ৩৮ বছর বয়সী জেসমিন বেগম। গুলিটি তার ডান হাতে লাগে। ঘটনার পর তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। র‍্যাব জানিয়েছে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, জেসমিন জানালা খোলা রেখে ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। এ সময় বাইরে থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। সেই গুলি এসে তার হাতে লাগে। প্রথমদিকে ঘটনাটি এভাবেই বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায়।

তবে তদন্তে নেমে র‍্যাব জানতে পারে, গুলিটি বাইরে থেকে নয়, বাসার ভেতর থেকেই ছোড়া হয়েছিল। রোববার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে উত্তেজিত হয়ে আব্দুল মান্নান নিজেই তাকে গুলি করেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, আব্দুল মান্নান বেশির ভাগ সময় মাদকাসক্ত থাকতেন। ঘটনার রাতেও তিনি মদ্যপ অবস্থায় বাসায় ফেরেন। এ নিয়ে স্ত্রী জেসমিনের সঙ্গে তার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে নিজের কাছে থাকা পিস্তল দিয়ে স্ত্রীকে গুলি করেন তিনি। গুলিটি জেসমিনের ডান বাহুতে লাগে।

র‍্যাব জানায়, ঘটনার পর আব্দুল মান্নান অস্ত্রটি নিজের ছেলে রাকিবের কাছে দিয়ে লুকিয়ে রাখতে বলেন। রাকিব পরে তার বন্ধু হাতিম মিয়ার বাসায় পিস্তলটি রেখে আসেন। এরপর র‍্যাব-৪ ও দারুস সালাম থানা পুলিশের যৌথ অভিযানে মান্নান ও তার ছেলে রাকিবকে গ্রেপ্তার করা হয়। রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিম মিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), তার ছেলে মো. রাকিব (২৫) এবং রাকিবের বন্ধু মো. হাতিম মিয়া (২১) গ্রেপ্তার হয়েছেন। র‍্যাবের দাবি, উদ্ধার করা পিস্তলটিই জেসমিনকে গুলি করার ঘটনায় ব্যবহার করা হয়েছিল।

অভিযানের সময় আব্দুল মান্নানের কাছ থেকে ২১৫টি ইয়াবা উদ্ধারের কথাও জানিয়েছে র‍্যাব। সংস্থাটির দাবি, মান্নান ওই এলাকার একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্যও র‍্যাবের কাছে রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে রাকিব মাদকাসক্ত—এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন র‍্যাব-৪-এর অধিনায়ক।

র‍্যাব আরও জানিয়েছে, জেসমিনের সঙ্গে মাদক ব্যবসার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বরং স্বামীর মাদকাসক্তি ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে তাদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আশপাশের বাসিন্দাদের কাছ থেকেও এ বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

র‍্যাবের কর্মকর্তার ভাষ্য, ঘটনার শুরুতে আব্দুল মান্নান বিষয়টি স্বীকার করেননি। পরিবারের পক্ষ থেকেও ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে সংস্থাটি। তাদের মতে, বাসার ভেতরে গুলি করার ঘটনা আড়াল করতেই জানালা দিয়ে বাইরে থেকে দুর্বৃত্তের গুলি করার গল্প তৈরি করা হয়েছিল।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে কার কী ভূমিকা ছিল, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page