জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকা থেকেও আমদানি করবে সরকার: শামা ওবায়েদ
জ্বালানি সংকট সমাধানে নতুন উৎস খুঁজছে সরকার
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার। প্রয়োজন হলে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সরকার জ্বালানি খাতে নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে নজর দিচ্ছে। এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজন হলে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানির বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে সরকার কাজ করছে। তৈরি পোশাকের পাশাপাশি পাটজাত পণ্যসহ অন্যান্য খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘১৭ বছরের অত্যাচার-অনাচার থেকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফিরে এসেছি। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করবেন।’
তিনি জানান, বিনিয়োগকারীদের জন্য ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হচ্ছে। কোম্পানি নিবন্ধনসহ প্রয়োজনীয় কার্যক্রম যাতে সহজে অনলাইনে সম্পন্ন করা যায়, সে উদ্যোগ নেওয়া হয়েছে।
শামা ওবায়েদ বলেন, বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও যেন দেশে সহজে বিনিয়োগ করতে পারেন, সে ধরনের পরিবেশ তৈরি করতে চায় সরকার।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার অর্থনৈতিক কূটনীতি। দায়িত্ব নেওয়ার পর সরকার একটি ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত ব্যাংকিং খাত পেয়েছে। সেখান থেকে অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে কাজ চলছে।
ব্যাংকিং খাতকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু বিদেশিদের বিনিয়োগে আহ্বান জানালেই হবে না, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পরিবেশও নিশ্চিত করতে হবে।
সূত্র: বিডি-প্রতিদিন
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
