মাধ্যমিকের ছাত্রীদের জন্য ‘পিংক সাইকেল’ দেওয়ার পরিকল্পনা সরকারের
মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের জন্য ‘পিংক সাইকেল’ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষায় আরও উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ বা গোলাপি সাইকেল উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে দেওয়া হতে পারে সাইকেল
শিক্ষামন্ত্রী বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের প্রতিটি ক্লাসের মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘পিংক সাইকেল’ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতেই এই উপহার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে দ্রুত চূড়ান্ত ঘোষণা আসবে।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের দেওয়া হবে অ্যাওয়ার্ড
এদিকে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, সদ্য এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১ লাখ ১৬ হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
শিক্ষায় বাজেট বাড়ানোর পরিকল্পনা
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। চলতি বাজেটে শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষায় এমন বিনিয়োগ এর আগে কোনো সরকার করেনি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
