মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই যুবক
মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক
ঢাকার কেরানীগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও বিবি আয়েশা (রা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে ইফতেখার অনিক (২৮) নামের এক যুবককে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
কেরানীগঞ্জ সার্কেল ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল কক্সবাজারে অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ইফতেখার অনিক তার ফেসবুক অ্যাকাউন্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও বিবি আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর ও কটূক্তিপূর্ণ একটি পোস্ট দেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়।
মামলা হওয়ার পর অনিক এলাকা ছেড়ে কক্সবাজারে আত্মগোপনে যান বলে জানিয়েছে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ইফতেখার অনিকের বাবার নাম মো. আলমগীর হোসেন আলম। তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরদারপাড়া এলাকায়।
অনিককে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
