সুখবর দিল দক্ষিণ কোরিয়া, ঢাকায় চালু হচ্ছে ভিসা সেন্টার
২ সেপ্টেম্বর থেকে ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র।
বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে নতুন এই কেন্দ্রের কার্যক্রম শুরু হবে।
দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, নতুন কেন্দ্র চালুর পর সাধারণ ভিসার আবেদন এবং পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব কার্যক্রম ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ ও প্রক্রিয়াজাত করা হবে।
তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে বর্তমান নিয়মে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এসব ভিসার আবেদন, পাসপোর্ট সংগ্রহ ও ভিসা ইস্যুর কার্যক্রম আগের মতোই সরাসরি দূতাবাসের মাধ্যমে সম্পন্ন হবে।
নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা—
২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
দূতাবাস জানিয়েছে, নতুন ভিসা আবেদন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সুবিধা চালু করা হবে। কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং এই সুবিধা কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ২৭ আগস্ট পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এদিকে নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা আগের নিয়মেই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে দেওয়া হবে।
ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রমের সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং অন্যান্য বিষয় পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে দূতাবাস।
দক্ষিণ কোরিয়ার ভিসা প্রত্যাশীদের নতুন আবেদন কেন্দ্র সম্পর্কিত পরবর্তী নির্দেশনা ও ঘোষণা নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের আশা, নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হলে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং ভিসাসংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
