হলি ক্রস কলেজে বিবাহিতদের ভর্তি নিষেধ, বিয়ে করলে টিসি

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ণ
হলি ক্রস কলেজে বিবাহিতদের ভর্তি নিষেধ, বিয়ে করলে টিসি

হলি ক্রস কলেজে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর থেকে।

রাজধানীর তেজগাঁওয়ের হলি ক্রস কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিবাহিত শিক্ষার্থীদের আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে।

কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিন বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞান বিভাগে আবেদন করতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫, মানবিক বিভাগে জিপিএ ৩.০০ থেকে ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪.০০ থেকে ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা যোগ্য বলে বিবেচিত হবেন।

কলেজটিতে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৭০টি আসন রয়েছে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। কলেজের ওয়েবসাইট বা নির্ধারিত লিংকে আবেদন ফরম পূরণ করে বিকাশের মাধ্যমে ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর আবেদন ফরম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষার্থীদের সিলেকশন টেস্টে অংশ নিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর।

সিলেকশন টেস্টের শিফট ও সময় ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার পর কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে। পরীক্ষার আসন ব্যবস্থা, ভবনের নাম ও কক্ষ নম্বরসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে ৯ সেপ্টেম্বর দুপুর ১টার পর।

সিলেকশন টেস্টে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে।

মানবিক বিভাগের পরীক্ষায় থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান। আর ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান।

সিলেকশন টেস্টে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে সুযোগ বাতিল হয়ে যাবে।

কলেজ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভর্তি হওয়ার পর নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা ও সহ-পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। পাশাপাশি কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য হলি ক্রস কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page