২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১ হাজার ১৭১ শিশু

প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১ হাজার ১৭১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১টি শিশু। বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫১ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৯৫০ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৯৮ শিশুর মধ্যে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৭১ জন।

এ সময়ে ১ হাজার ১৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে ৯৫৪ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং শরীরে ফুসকুড়ি দেখা দেওয়ার মতো উপসর্গ দেখা দিলে শিশুকে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষ করে শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা, পানি বা খাবার গ্রহণে সমস্যা, খিঁচুনি কিংবা দীর্ঘস্থায়ী জ্বরের মতো গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page