বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ কর্মী তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার।

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিদেশ যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, শুধু বিদেশে কর্মী পাঠানো নয়, দক্ষ করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। দক্ষতা অর্জনের পর বৈধ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় অবৈধ পথে বিদেশযাত্রা এবং দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

তিনি সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নিহতদের পরিবারের করা মামলার আসামি এবং সংশ্লিষ্ট দালালচক্রের বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন।

অবৈধভাবে বিদেশযাত্রা বন্ধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে দালালদের বিষয়ে সতর্ক করার পরামর্শ দেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, সাগরপথে যারা মারা গেছেন এবং যারা অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তাদের যাত্রাপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা প্রয়োজন। বিদেশে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যও সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page