চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি’

প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি’

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি’

দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং সেবা বা কাজের বিনিময়ে আর্থিক হয়রানির অভিজ্ঞতা নথিবদ্ধ করার লক্ষ্যে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম চাঁন্দাবিডি ডটকম (chandabd.com)।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদেশি বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্মের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে এবং ঘুস সংক্রান্ত অভিযোগ নথিবদ্ধের প্ল্যাটফর্ম ঘুস ডট সাইট-এর অভিজ্ঞতার ভিত্তিতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্ল্যাটফর্মটিতে নাগরিকরা নিজেদের নাম-পরিচয় প্রকাশ না করেই চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন, নির্মাণকাজ বা ব্যবসাকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবির অভিজ্ঞতা জানাতে পারবেন।

অভিযোগ জানানোর ক্ষেত্রে ব্যবহারকারীরা ঘটনার এলাকা, সময়, সংশ্লিষ্ট খাত বা ঘটনার ধরন, দাবিকৃত অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করতে পারবেন।

অভিযোগ হবে নাগরিক অভিজ্ঞতার উন্মুক্ত নথি

উদ্যোক্তারা জানিয়েছেন, ওয়েবসাইটে জমা দেওয়া তথ্যকে কোনোভাবেই আদালতগ্রাহ্য প্রমাণ, তদন্তের ফলাফল বা যাচাইকৃত অপরাধের ঘোষণা হিসেবে বিবেচনা করা যাবে না।

তাদের মতে, এটি মূলত নাগরিক অভিজ্ঞতার একটি উন্মুক্ত নথি। এর মাধ্যমে কোন এলাকা বা কোন খাতে এ ধরনের অভিযোগ বেশি আসছে, সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব হবে।

প্রকাশের আগে হবে যাচাই

প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ, কারও ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর বা অপ্রাসঙ্গিক পরিচয় প্রকাশ ঠেকাতে অভিযোগগুলো প্রকাশের আগে মডারেশনের আওতায় আনা হবে।

কোনো নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে অভিযোগ থাকলেও সেটিকে প্রমাণিত তথ্য হিসেবে উপস্থাপন করা হবে না বলে জানানো হয়েছে।

উদ্দেশ্য সচেতনতা তৈরি

চাঁন্দাবিডি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের উদ্দেশ্য কাউকে অপমান করা বা অপরাধী হিসেবে ঘোষণা করা নয়। বরং নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যার ধরন তুলে ধরা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page