সারপ্রাইজ দিতে প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার
প্রেমিকার ভালোবাসার অভিনব প্রকাশে গাড়ি সাজিয়ে জরিমানা গুনলেন যুবক।
প্রেমিকার ভালোবাসার অভিনব প্রকাশ করতে গিয়ে শেষ পর্যন্ত জরিমানা দিতে হয়েছে ভারতের মধ্যপ্রদেশের এক যুবককে। প্রেমিকার দেওয়া হাজারো লিপস্টিকের চুমুর ছাপে গাড়ি সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ট্রাফিক পুলিশের নজরে আসে বিষয়টি।
পরে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গাড়ির মালিক আদিত্য সিকারওয়ারকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের সিটি সেন্টার এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি গাড়ির বাইরের প্রায় পুরো অংশজুড়ে রয়েছে লাল লিপস্টিকের অসংখ্য চুমুর ছাপ।
জানা গেছে, বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ট্রেন্ড দেখে আদিত্যের প্রেমিকা এমন একটি পরিকল্পনা করেন। এরপর গাড়ির গায়ে লিপস্টিক দিয়ে একের পর এক চুমুর ছাপ দিতে থাকেন তিনি।
পুরো গাড়িটি সাজানোর কাজে তার প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে। অভিনব এই সাজে গাড়িটি রাস্তায় বের হলে পথচারীদের নজর কাড়ে।
পরে গাড়িটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে থাকা গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে সেটিকে শনাক্ত করে ট্রাফিক পুলিশ।
এরপর গোয়ালিয়রের থাটিপুর এলাকা থেকে গাড়িটি আটক করা হয়। গাড়ির মালিক আদিত্যকে জিজ্ঞাসাবাদের পর মোটরযান আইনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।
আদিত্য জানান, বিদেশে এমন একটি প্রবণতা দেখে তার প্রেমিকা বিষয়টি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে গাড়িতে এভাবে লিপস্টিকের ছাপ দিলে ট্রাফিক আইন ভঙ্গ হতে পারে, সে বিষয়ে তারা আগে জানতেন না।
পুলিশের নির্দেশের পর গাড়ির গায়ে থাকা সব লিপস্টিকের দাগ পরিষ্কার করেন আদিত্য। গাড়িটি ধুয়ে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পর জরিমানার অর্থ পরিশোধ করেন তিনি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রেমিকার ব্যতিক্রমী ভালোবাসার প্রকাশ নিয়ে আলোচনা করছেন। একই সঙ্গে গাড়ির বাহ্যিক পরিবর্তনের কারণে ট্রাফিক আইন ভঙ্গের বিষয়টিও আলোচনায় এসেছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
