১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মক্কায় বাংলাদেশি হাফেজের বিশ্বজয়

আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মক্কায় বাংলাদেশি হাফেজের বিশ্বজয়

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের গৌরব

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বড় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, এবারের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। পাঁচটি পৃথক শাখায় কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও তাফসির বিষয়ে প্রতিযোগীদের দক্ষতা যাচাই করা হয়।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় অংশগ্রহণ করেন। এই শাখায় প্রতিযোগীদের ১৫ পারা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের পারদর্শিতা মূল্যায়ন করা হয়।

প্রতিযোগিতার সব ধাপ সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশের এই তরুণ হাফেজ সেরা হওয়ার গৌরব অর্জন করেন।

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা অংশ নেন। তারা প্রতিযোগীদের কুরআন মুখস্থ, তিলাওয়াতের শুদ্ধতা, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা যাচাই করেন।

এবারের প্রতিযোগিতায় পাঁচটি শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার এই অর্জন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি গৌরবময় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page