ক্ষমতা নিয়ে কখনো বড়াই করতে নেই-সমাজকল্যাণ মন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনায় বক্তব্য দেন জাহিদ হোসেন।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ক্ষমতা নিয়ে কখনো দম্ভ বা বড়াই করা উচিত নয়। যারা ক্ষমতার জোরে অহংকার করত, তারা শেষ পর্যন্ত কী পরিণতির মুখোমুখি হয়েছে, তা ২০২৪ সালের ৩৬ জুলাই দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, তাই ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করলে তার পতন অনিবার্য হয়ে ওঠে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একাত্তর মঞ্চে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে জাহিদ হোসেন বলেন, ক্ষমতায় থাকলে সংযত আচরণ করা এবং মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। তিনি বলেন, কেউ যদি মনে করে ক্ষমতা চিরস্থায়ী, তবে সেটি বড় ভুল। ইতিহাসে বহুবার দেখা গেছে, অহংকার ও ক্ষমতার অপব্যবহার শেষ পর্যন্ত পতনের কারণ হয়েছে।
মন্ত্রী বলেন, যারা খুব বড়াই করত, বলত অমুকের (শেখের) বেটি কখনো পালাবে না, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত চুপচাপ পালিয়ে গেল। তাই ক্ষমতা নিয়ে দম্ভ করা উচিত নয়। বড়াই করলে তার পতন কেমন হয়, ২০২৪ সালের ৩৬ জুলাই মানুষ তা দেখেছে।
তিনি জনগণের মনের ভাষা অনুধাবন করার আহ্বান জানিয়ে বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, অহেতুক রাজপথ গরম করার কোনো মানে হয় না। রাজনৈতিক কর্মসূচি অবশ্যই জনগণের স্বার্থ ও গণতান্ত্রিক পরিবেশ বিবেচনায় নিয়ে পরিচালনা করা উচিত।
বিএনপির অবস্থান তুলে ধরে জাহিদ হোসেন বলেন, বিএনপি শুধু কথার কথা হিসেবে জুলাইয়ের চেতনার কথা বলে না, বরং তা বাস্তবায়নেও বিশ্বাস করে। তিনি বলেন, সেই বাস্তবায়নের অংশ হিসেবেই জুলাই জাদুঘর উদ্বোধন করা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের তাৎপর্য সম্পর্কে জানতে পারে।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষ সাধারণত শান্তিতে ও চুপচাপ জীবন কাটাতে চায়। কিন্তু তাদের বিনা কারণে উত্ত্যক্ত করা, অযথা উত্তেজনা সৃষ্টি করা কিংবা কথায় কথায় স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেওয়া সমীচীন নয়।
তিনি দাবি করেন, বিএনপি সব সময় জনগণের পাশে থেকে কাজ করা একটি রাজনৈতিক দল। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই দলটি কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় স্থানীয় নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও গণতান্ত্রিক চেতনা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
