গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও জমজমাট কনসার্ট ফর ডেমোক্রেসি, মঞ্চ কাঁপাল লালন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’-তে দর্শকদের মাতিয়ে রাখে ব্যান্ড লালন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও উৎসবের আমেজে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে হাজারো দর্শক প্রিয় শিল্পীদের গান উপভোগ করতে ভিড় করেন অনুষ্ঠানস্থলে। সন্ধ্যার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে জনপ্রিয় ব্যান্ড লালন-এর পরিবেশনা।
বুধবার বিকেল ৫টার দিকে মঞ্চে ওঠে ব্যান্ডটি। শুরু থেকেই দর্শকদের শুভেচ্ছা জানিয়ে ভোকাল সুমি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘হ্যালো ঢাকা, সবাই ভালো? সময় নেব না, গান।’ এরপরই একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন তিনি।
প্রথমেই পরিবেশিত হয় লালনের বহুল জনপ্রিয় গান ‘জাত গেল’ এবং ‘সময় গেলে সাধন হবে না’। দুই গান শেষ হওয়ার পর দর্শকদের উদ্দেশে সুমি বলেন, ‘তোমরা আমার সহজ-সরল মানুষ। আজকে একটু দূরে আছো, সব সময় তো কাছে থাকো। চলো এখন একটু ক্ষ্যাপে আসি।’ তাঁর এই কথায় দর্শকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
পরিবেশনার শেষদিকে তিনি জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করেন এবং সেই আবহে ব্যান্ডটির জনপ্রিয় গান ‘গাগল ছাড়া দুনিয়ায় চলে না’ পরিবেশন করেন। দর্শকরাও শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গান গেয়ে পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন।
বৃষ্টিভেজা সন্ধ্যায় একের পর এক জনপ্রিয় গান, দর্শকদের করতালি এবং সম্মিলিত কণ্ঠে গাওয়া গানের মধ্য দিয়ে জমে ওঠে পুরো আয়োজন। আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত।
পরিবেশনার শেষে উপস্থিত দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান ব্যান্ড লালনের সদস্যরা। পরে করতালির মধ্যেই মঞ্চ ছাড়েন তারা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
