আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়েই গড়বে নৈতিক জাতি: সেনাপ্রধান
আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্ব দিলেন সেনাপ্রধান
আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, বর্তমানে আধুনিক শিক্ষায় ইসলামিক মূল্যবোধের ঘাটতি রয়েছে। আবার ইসলামিক শিক্ষায় আধুনিক জ্ঞান ও দক্ষতার অভাব দেখা যায়। এর ফলে ইসলামিক শিক্ষায় বেড়ে ওঠা অনেকের সমাজে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সীমিত হয়ে পড়ে। তাই দুই ধরনের শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আজ যদি আমরা শিক্ষাব্যবস্থাকে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে ৩০ বছর পর একটি সুস্থ ও আদর্শ জাতি পাওয়া সম্ভব হবে। নতুন প্রজন্মকে নৈতিকতা, দক্ষতা ও মূল্যবোধের সমন্বয়ে গড়ে তুলতে হবে।
তিনি জানান, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের মূল লক্ষ্য হলো ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত শিক্ষাব্যবস্থা তৈরি করা। প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম বিভাগ ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হবে।
সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা খাতের উন্নয়ন এবং মানবসম্পদ তৈরিতে ভূমিকা রেখে আসছে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে সহায়তা করবে।
অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনাপ্রধান।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
