প্রতিশ্রুতি রাখলেন স্বাস্থ্যমন্ত্রী, দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন পেলেন সরকারি চাকরি

স্বাস্থ্য প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
প্রতিশ্রুতি রাখলেন স্বাস্থ্যমন্ত্রী, দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন পেলেন সরকারি চাকরি

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইডিসিএলে নিয়োগপত্র পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন আক্তার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো মাত্র কয়েক দিনের ব্যবধানে। দৃষ্টিপ্রতিবন্ধী ও উচ্চশিক্ষিত শারমিন আক্তারকে সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এ নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে শারমিন আক্তারের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ জুলাই সাতক্ষীরা জেলা সফরের সময় হাসপাতাল পরিদর্শনে গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন আক্তারের সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী। সে সময় শারমিন তাঁর কাছে একটি চাকরির আবেদন করেন। মন্ত্রী তাঁর পারিবারিক অবস্থা বিবেচনায় চাকরির আশ্বাস দেন।

শারমিন আক্তারের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তবে দৃষ্টিপ্রতিবন্ধকতা ও পারিবারিক আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন কর্মসংস্থানের সুযোগ পাননি।

নিয়োগপত্র পাওয়ার পর শারমিন আক্তার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শারমিন অত্যন্ত অসহায় পরিবারের সদস্য এবং তাঁর পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। উচ্চশিক্ষা অর্জনের পরও তিনি চাকরি পাননি। বিষয়টি জানার পর তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তাঁকে ইডিসিএলে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জানান, ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর শারমিনের চাকরি স্থায়ী হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন