আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট: জ্বালানি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট: জ্বালানি প্রতিমন্ত্রী

গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে সরকার

আগামী সপ্তাহ থেকে দেশে চলমান গ্যাস সংকট কিছুটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে গ্যাস সরবরাহে ভোগান্তির জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্যাস সংকটের জন্য জনগণের কাছে সরকার আন্তরিকভাবে দুঃখিত। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, “এই সমস্যাটি বেসরকারি প্রতিষ্ঠানের কারণে তৈরি হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের এখানে কোনো ভুল নেই। তবে তাৎক্ষণিকভাবে সমাধান দিতে না পারাটা সরকারের ব্যর্থতা। এ জন্য আমরা বারবার দুঃখ প্রকাশ করছি।”

প্রতিমন্ত্রী জানান, সরকার এক্সিলারেট এনার্জির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। প্রতিষ্ঠানটির সঙ্গে প্রাথমিক আলোচনার ভিত্তিতে আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করছে সরকার।

তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমদানিকৃত গ্যাস ও দেশীয় উৎপাদন দিয়েও বর্তমানে দেশের চাহিদার পুরোটা পূরণ করা সম্ভব হচ্ছে না।”

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভোলার উদ্বৃত্ত গ্যাস বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায় সরবরাহের বিষয়ে কাজ চলছে। পাশাপাশি বিকল্প প্রযুক্তি নিয়েও চিন্তা করা হচ্ছে।

তিনি আরও জানান, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া একটি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশ সফর করছে এবং তাদের সঙ্গে আলোচনা চলছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্যাস সংকট সমাধানে সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে পরিকল্পনামাফিক জ্বালানি খাতে কাজ হয়নি। আগের সরকারগুলো দীর্ঘমেয়াদি সমাধানের পরিবর্তে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। এর ফলে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন