প্যারিসে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ই-পাসপোর্ট আবেদন, বিশেষ কনস্যুলার সেবা চালু

reporter
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
প্যারিসে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ই-পাসপোর্ট আবেদন, বিশেষ কনস্যুলার সেবা চালু

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে বিশেষ ই-পাসপোর্ট সেবা গ্রহণ করছেন প্রবাসীরা

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের ই-পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে বিশেষ কনস্যুলার সেবা চালু করেছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জটিলতা ও কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা প্রবাসীদের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) শুরু হওয়া বিশেষ এ কার্যক্রমের প্রথম দিনেই পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ৮০ জনের বেশি বাংলাদেশি নাগরিক ই-পাসপোর্টের আবেদন সম্পন্ন করেছেন। দূতাবাসের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা।

সম্প্রতি ই-মেইলভিত্তিক আবেদন পদ্ধতির পরিবর্তে ওয়েবসাইটভিত্তিক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করে বাংলাদেশ দূতাবাস। তবে সীমিতসংখ্যক অ্যাপয়েন্টমেন্ট স্লট এবং একই সময়ে বিপুলসংখ্যক ব্যবহারকারীর প্রবেশের কারণে অনেক আবেদনকারী সময়মতো অ্যাপয়েন্টমেন্ট নিতে ব্যর্থ হন। কেউ দীর্ঘ সময় চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি, আবার কেউ ই-মেইলে আবেদন করার পরও দীর্ঘদিন অপেক্ষা করতে বাধ্য হন।

এর ফলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হতে থাকে। বিশেষ করে প্রেফেকচারে (Préfecture) রেসিডেন্স পারমিট নবায়ন, অভিবাসনসংক্রান্ত নথি হালনাগাদ এবং অন্যান্য জরুরি কাজের নির্ধারিত সময়সীমা সামনে থাকায় অনেকেই উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েন।

প্রবাসীদের অভিযোগ ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রথম ধাপে ২৫ জুলাই, ৮ আগস্ট এবং ২২ আগস্ট—এই তিনটি শনিবার বিশেষ কনস্যুলার সেবা দেওয়ার সিদ্ধান্ত নেয় দূতাবাস। এ সময় কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হচ্ছে, যা ভোগান্তিতে থাকা অনেক প্রবাসীর জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।

বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল জানান, বিশেষ সেবার প্রথম দিনেই ৮০ জনের বেশি আবেদনকারীকে সেবা দেওয়া হয়েছে। এছাড়া যারা আগে ই-মেইলের মাধ্যমে আবেদন করেছিলেন, তাদের আবেদনও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে বলে জানান তিনি।

অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একই সময়ে বিপুলসংখ্যক ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে সাময়িক কারিগরি সমস্যা তৈরি হতে পারে। বিষয়টি সমাধানে আইটি টিম কাজ করছে এবং ভবিষ্যতে সিস্টেমকে আরও সহজ, কার্যকর ও প্রবাসীবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম সফলভাবে পরিচালনায় স্থানীয় বাংলাদেশি স্বেচ্ছাসেবীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আবেদনকারীদের তথ্য প্রদান, সিরিয়াল ব্যবস্থাপনা এবং বিভিন্ন ধাপে প্রয়োজনীয় সহায়তা দিয়ে তারা পুরো কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করতে সহযোগিতা করেন।

এদিকে দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরা। তবে তাদের প্রত্যাশা, বিশেষ কনস্যুলার সেবা যেন শুধু সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থেকে নিয়মিত সেবার অংশ হয়। পাশাপাশি একটি কার্যকর টেলিফোন হেল্পলাইন চালু, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব করা এবং প্রয়োজন অনুযায়ী কনস্যুলার সেবায় জনবল বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা।

প্রবাসীদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ই-পাসপোর্ট আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান সম্ভব হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন