আতিফ আসলামের মেইন স্টেজ শোর টাইটেল স্পন্সর শাহ্ সিমেন্ট
২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া মেইন স্টেজ শোতে গান শোনাবেন শিল্পী আতিফ আসলাম।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী ব্র্যান্ড শাহ্ সিমেন্ট। আয়োজকরা বলছেন, এই অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বমানের লাইভ মিউজিক আয়োজন এবং তরুণ প্রজন্মের বিনোদনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
মেইন স্টেজ আয়োজিত এই কনসার্ট অনুষ্ঠিত হবে ২৪ জুলাই। দর্শকদের জন্য অনুষ্ঠানস্থলের গেট দুপুর ১টা থেকে খুলে দেওয়া হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।
আয়োজকদের মতে, কনসার্টে আতিফ আসলাম তার ক্যারিয়ারের জনপ্রিয় বাংলা, হিন্দি ও উর্দু ভাষার একাধিক গান পরিবেশন করবেন। তার লাইভ পারফরম্যান্স উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগীতপ্রেমীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
শাহ্ সিমেন্ট জানিয়েছে, আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে তারা শুধু একটি কনসার্টের পৃষ্ঠপোষকতাই করছে না, বরং দেশের তরুণদের জন্য মানসম্মত বিনোদন এবং ইতিবাচক সাংস্কৃতিক চর্চার পরিবেশ গড়ে তুলতেও ভূমিকা রাখতে চায়।
আতিফ আসলাম দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। ‘তেরে বিন’, ‘পেহলি নজর মে’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘জিনে লাগা হুঁ’ এবং ‘দিল দিয়া গাল্লান’-এর মতো অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং এর আগে অনুষ্ঠিত তার কনসার্টগুলো দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এবারও আধুনিক সাউন্ড, লাইটিং এবং আন্তর্জাতিক মানের স্টেজ প্রোডাকশনের সমন্বয়ে কনসার্টটি দর্শকদের জন্য স্মরণীয় এক সংগীতানুষ্ঠানে পরিণত হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
