যুক্তরাষ্ট্রে সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

reporter
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

যুক্তরাষ্ট্রে সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের অনুমতি।

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের সরকারি ডিভাইসে আবারও জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। নতুন এক আইনি মতামতে দেশটির বিচার বিভাগ (DOJ) জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ হওয়ায় ২০২২ সালে জারি করা নিষেধাজ্ঞা বর্তমান পরিস্থিতিতে আর কার্যকর নয়।

শুক্রবার প্রকাশিত বিচার বিভাগের এক স্মারকে বলা হয়, টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স (ByteDance) যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের তথ্য ও কার্যক্রম পরিচালনার দায়িত্ব TikTok USDS নামে একটি যৌথ উদ্যোগের কাছে হস্তান্তর করেছে। চলতি বছরের জানুয়ারিতে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে মত দিয়েছে বিভাগটি।

স্মারকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে, বর্তমান কাঠামোর টিকটক আগের মতো জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে না। ফলে নির্বাহী বিভাগের বিভিন্ন সংস্থা নিজেদের নীতিমালার আলোকে সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের অনুমতি দিতে পারবে।

এর আগে ২০২২ সালে জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে সরকারি ডিভাইসে টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়। পরে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস একটি আইন পাস করে, যেখানে বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রির নির্দেশ দেওয়া হয়। অন্যথায় দেশটিতে অ্যাপটি নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছিল। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সেই আইন কার্যকর করেননি।

নতুন ব্যবস্থায় TikTok USDS-এর মালিকানার প্রায় ৮০ দশমিক ১ শতাংশ থাকবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হাতে। অন্যদিকে বাইটড্যান্সের মালিকানা থাকবে ১৯ দশমিক ৯ শতাংশ। বিচার বিভাগের মতে, সংখ্যালঘু শেয়ারহোল্ডার হিসেবে বাইটড্যান্সের উপস্থিতি বাস্তবে নিরাপত্তা ঝুঁকিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলবে না।

টিকটক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য, কনটেন্ট এবং অ্যালগরিদম সুরক্ষার জন্য নতুন যৌথ উদ্যোগের আওতায় অতিরিক্ত সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের তথ্য Oracle-এর ক্লাউড অবকাঠামোতে সংরক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে কনটেন্ট সুপারিশকারী অ্যালগরিদমও নতুন করে পরীক্ষা ও হালনাগাদ করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাইটড্যান্স টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসার মালিকানা ধরে রাখলেও ব্যবহারকারীদের তথ্য, কনটেন্ট পরিচালনা এবং অ্যালগরিদমের নিয়ন্ত্রণ যৌথ উদ্যোগের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই কাঠামো কার্যকর হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ২০ কোটি মানুষ টিকটক ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তা ইস্যুতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা অ্যাপটি নিয়ে নতুন এই সিদ্ধান্ত দেশটির প্রযুক্তি ও নীতিনির্ধারণী মহলে নতুন আলোচনা তৈরি করেছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

সূত্র: Reuters

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন