সমালোচনার মুখে ইনস্টাগ্রামের এআই ছবি তৈরির ফিচার ‘মিউজ’ বন্ধ করল মেটা
ব্যবহারকারীদের সমালোচনার পর ইনস্টাগ্রামের এআই ছবি তৈরির ফিচার মিউজ বন্ধ করেছে মেটা।
ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির ফিচার ‘মিউজ’ বন্ধ করে দিয়েছে মেটা। নতুন এই ফিচার চালুর কয়েক দিনের মধ্যেই ব্যক্তিগত ছবি ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার ‘মিউজ ইমেজ’ টুল ছিল প্রতিষ্ঠানটির সুপারইন্টেলিজেন্স ল্যাবের প্রথম এআই ছবি তৈরির উদ্যোগ। চলতি সপ্তাহেই ফিচারটি উন্মোচন করা হয় এবং ধীরে ধীরে সব ইনস্টাগ্রাম ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল মেটার।
মিউজ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে উল্লেখ করে সেই অ্যাকাউন্টে থাকা ছবি রেফারেন্স হিসেবে ব্যবহার করে নতুন এআই ছবি তৈরি করতে পারতেন। তবে বিতর্কের মূল কারণ ছিল, কোনো ব্যক্তির ছবি এআই তৈরিতে ব্যবহার করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে এ বিষয়ে কোনো নোটিফিকেশন দেওয়া হতো না।
এই বিষয়টি নিয়ে ব্যবহারকারী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিভিন্ন সৃজনশীল সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। সমালোচকদের অভিযোগ, অনুমতি ছাড়া কারও ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন ছবি তৈরি করার সুযোগ অপব্যবহারের ঝুঁকি বাড়াতে পারে।
অভিনেতা, শিল্পী ও সৃজনশীল কর্মীদের সংগঠন স্যাগ-আফট্রাও (SAG-AFTRA) মেটার এই উদ্যোগের সমালোচনা করে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ব্যবহারকারীদের অনুভূতি এবং সম্ভাব্য ক্ষতির বিষয় বিবেচনা না করে এ ধরনের ফিচার চালু করা গ্রহণযোগ্য নয়।
এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হ্যানা এইনবাইন্ডারও তার অনুসারীদের ফিচারটি বন্ধ রাখার আহ্বান জানান। তিনি জানান, ফিচারটি তার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গিয়েছিল।
সমালোচনার পর মেটা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে। শুক্রবার প্রকাশিত এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীদের মতামত বিবেচনা করে মিউজ ইমেজ ফিচারটি আর চালু রাখা হচ্ছে না।
মেটা তাদের ব্লগে বলেছে, ব্যবহারকারীদের নিজেদের পাবলিক কনটেন্ট কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে নিয়ন্ত্রণ দেওয়ার উদ্দেশ্যেই এই টুল তৈরি করা হয়েছিল। তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া থেকে বোঝা গেছে, ফিচারটি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
প্রযুক্তি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে এর অপব্যবহারের ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে অনুমতি ছাড়া ছবি ব্যবহার, ভুয়া ছবি তৈরি এবং নারীদের লক্ষ্য করে আপত্তিকর এআই ছবি তৈরির অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে।
বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এ ধরনের অপব্যবহার ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা চালু করলেও তা সব ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। ফলে ভবিষ্যতে এআইভিত্তিক নতুন ফিচার চালুর ক্ষেত্রে ব্যবহারকারীর সম্মতি ও গোপনীয়তার বিষয়টি আরও গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
