চেতনাতে নজরুল নিয়ে যুক্তরাষ্ট্রে মুগ্ধতা ছড়ালেন হৃদি হক

বিনোদন প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
চেতনাতে নজরুল নিয়ে যুক্তরাষ্ট্রে মুগ্ধতা ছড়ালেন হৃদি হক

টেক্সাসের সিডার পার্কে হৃদি হকের নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে ‘চেতনাতে নজরুল’ শীর্ষক লাইভ মিউজিক্যাল শো

বাংলাদেশের নাট্যনির্দেশক ও নির্মাতা হৃদি হক-এর নির্দেশনায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী একটি লাইভ মিউজিক্যাল শো। সিডার পার্কে আয়োজিত এই অনুষ্ঠানটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জীবন, দর্শন ও সৃষ্টিকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

‘চেতনাতে নজরুল’ শিরোনামের এই মিউজিক্যাল শোটি উপস্থাপন করে সাংস্কৃতিক সংগঠন প্রদীপ্ত। প্রচলিত মঞ্চনাট্য বা সংগীতানুষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে সংগীত, নাট্যভাষ্য এবং কথনের সমন্বয়ে একটি ভিন্নধর্মী পরিবেশনা তৈরি করা হয়। আয়োজকদের মতে, এই ফিউশনধর্মী উপস্থাপনার মাধ্যমে নজরুলের বিদ্রোহ, প্রেম ও মানবতার দর্শন নতুন প্রজন্মের দর্শকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কামরুজ্জামান রনি ও সুমনা ব্যানার্জী। শেষ পর্বে শিল্পী আফরোজ মিদৌরি রনির সঙ্গে যুগল কণ্ঠে নজরুলের আরও কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন। তাঁদের পরিবেশনার সঙ্গে তবলা, ভায়োলিন, গিটারসহ লাইভ মিউজিক্যাল টিমের সমন্বিত বাদ্যযন্ত্র পুরো মিলনায়তনে এক মনোমুগ্ধকর আবহ তৈরি করে।

অনুষ্ঠান শেষে হৃদি হক বলেন, “প্রতিটি পরিবেশনার মধ্য দিয়ে নজরুলের বিদ্রোহ, প্রেম ও মানবিক চেতনাকে দর্শকদের সামনে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি। সংগীত, নাট্যভাষ্য ও কথনের এই সমন্বিত উপস্থাপনা দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দিয়েছে। সিডার পার্কে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে।”

মঞ্চনির্দেশনার পাশাপাশি বর্তমানে চলচ্চিত্র নির্মাণেও ব্যস্ত সময় পার করছেন হৃদি হক। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ১৯৭১ সেইসব দিন সম্প্রতি New York Bangla Film Festival-এ প্রদর্শিত হয়েছে।

চলচ্চিত্রটি উৎসবে সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছে। এছাড়া সেরা গল্পকার হিসেবে প্রয়াত ড. ইনামুল হক, সেরা সম্পাদক এবং সেরা গায়ক বিভাগে কামরুজ্জামান রনি, আর প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সজল নূর ও সানজিদা প্রীতি যথাক্রমে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর মনোনয়ন অর্জন করেছেন।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের মূল গালা অনুষ্ঠান। সেখানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন