হঠাৎ অসুস্থ জেসমিন ভাসিন, চিকিৎসকদের নজরদারিতে হাসপাতালে
হঠাৎ অসুস্থ জেসমিন ভাসিন
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেসমিন ভাসিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুবাইয়ে জন্মদিন উদযাপন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকদের পরীক্ষায় তাঁর শরীরে ধরা পড়ে টার্মিনাল ইলিয়াইটিস (Terminal Ileitis) নামে একটি বিরল ও জটিল অন্ত্রের রোগ। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
জেসমিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসকেরা তাঁকে এখনো পুরোপুরি বিপদমুক্ত ঘোষণা করেননি। এমনকি দুবাইয়ের হাসপাতাল থেকে তাঁকে প্রথমে বিমানে ভ্রমণের অনুমতিও দেওয়া হয়নি। পরে বিশেষ চিকিৎসা ও প্রয়োজনীয় মেডিকেল সহায়তার মাধ্যমে তিনি ভারতে ফিরে আসেন এবং সেখানেই পরবর্তী চিকিৎসা শুরু করেন।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, দুবাইয়ে পৌঁছানোর পরদিন থেকেই তাঁর তীব্র পেটব্যথা শুরু হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনি টার্মিনাল ইলিয়াইটিসে আক্রান্ত হয়েছেন। এই রোগে ক্ষুদ্রান্ত্রের শেষ অংশে প্রদাহ দেখা দেয়। রোগটি গুরুতর আকার ধারণ করলে তীব্র পেটব্যথা, ডায়রিয়া, জ্বর, এমনকি অন্ত্রে জটিলতাও তৈরি হতে পারে।
জেসমিন জানান, হাসপাতালের বেডেই তাঁর জন্মদিন কাটাতে হয়েছে। এ সময় তাঁর পাশে ছিলেন দীর্ঘদিনের সঙ্গী অভিনেতা আলি গোনি। তিনিই হাসপাতালে কেকের আয়োজন করেন। জন্মদিনের শুভেচ্ছা জানানো ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেসমিন। তিনি বলেন, জীবনে সব সময় পরিকল্পনামতো কিছু হয় না, তবে সবার ভালোবাসা ও প্রার্থনা তাঁকে সাহস জুগিয়েছে।
ভারতে ফিরে চিকিৎসা চালিয়ে গেলেও এখনো পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন বিশ্রামে থাকবেন এবং নিয়মিত চিকিৎসা নেবেন। নিজের সুস্থতার জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, জেসমিন ভাসিন ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ। বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি ‘বিগ বস ১৪’-এ অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান। সম্প্রতি তিনি একটি রিয়েলিটি শোর শুটিং শেষ করে ব্যক্তিগত সফরে দুবাই গিয়েছিলেন। সেই সফরেই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ভক্তদের উদ্বিগ্ন করে তুলেছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
