বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো, জ্বালানি সরবরাহে যা জানা জরুরি
বার্ষিক মজুদ যাচাই কার্যক্রমের কারণে ১ জুলাই দেশের সব তেলের ডিপোতে বিপণন কার্যক্রম বন্ধ থাকবে।
বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন এবং বাস্তব যাচাই কার্যক্রমের অংশ হিসেবে আগামী বুধবার (১ জুলাই) দেশের সব তেলের ডিপো ও প্রধান স্থাপনায় জ্বালানি তেলের সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বার্ষিক সমাপনী কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব ডিপো ও প্রধান স্থাপনায় জ্বালানি তেলের মজুদ গণনা এবং বাস্তব যাচাই করা হবে। এ কারণে বুধবার চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপো ও স্থাপনায় বিপণন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে বিমান চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, দেশি-বিদেশি এয়ারলাইনসের জন্য প্রয়োজনীয় জেট এ-১ জ্বালানির মজুদ ট্যাংকের যাচাই কার্যক্রম দ্রুত শেষ করে সরবরাহ স্বাভাবিক রাখতে হবে।
বিপিসি জানিয়েছে, বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করা হয়েছে। এ বিষয়ে যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
