হুমকির পর বড় সিদ্ধান্ত, নতুন বাড়িতে যাচ্ছেন সালমান খান
হুমকির পর বড় সিদ্ধান্ত, নতুন বাড়িতে যাচ্ছেন সালমান খান
দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছিল বলিউড সুপারস্টার সালমান খানের পরিচিত ঠিকানা। ঈদ, জন্মদিন কিংবা নতুন সিনেমা মুক্তির সময় এই বাড়ির বারান্দা থেকেই ভক্তদের শুভেচ্ছা জানাতেন তিনি। তবে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগ এবং একের পর এক প্রাণনাশের হুমকির পর এবার সেই পরিচিত ঠিকানা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বান্দ্রার চিমবাই এলাকায় সমুদ্রসংলগ্ন একটি জমিতে নতুন ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমোদন পেয়েছে খান পরিবার। নতুন বাড়িটি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে খুব বেশি দূরে নয়, তবে নিরাপত্তার দিক থেকে তুলনামূলক সুবিধাজনক এলাকায় নির্মিত হবে।
জানা গেছে, নতুন ভবনটি সালমান খানের মা সালমা খানের মালিকানাধীন জমিতে নির্মিত হবে। সেখানে আগে একটি পুরোনো ভবন ছিল, যা ভেঙে নতুন আধুনিক ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পের জন্য প্রয়োজনীয় অনুমোদনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পাওয়া গেছে।
২০২৪ সালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের ঘটনার পর থেকেই সালমান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। এরপর থেকে তাঁর বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, বারান্দায় বুলেটপ্রুফ কাচ বসানো হয় এবং দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। পাশাপাশি তিনি উচ্চমাত্রার নিরাপত্তা সুরক্ষাও পাচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নতুন বাড়িটি শুধু বসবাসের জন্য নয়, বরং আধুনিক নিরাপত্তা ব্যবস্থা বিবেচনায় রেখেই পরিকল্পনা করা হয়েছে। ভবনে থাকবে একাধিক তলা, পার্কিং সুবিধা এবং উন্নত নিরাপত্তা অবকাঠামো। তবে উপকূলীয় এলাকায় নির্মাণ হওয়ায় পরিবেশগত কিছু শর্তও মানতে হবে। যেমন—বিদ্যমান গাছ সংরক্ষণ এবং নতুন গাছ লাগানোর নির্দেশনা রয়েছে।
যদিও সালমান খান বা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবুও নতুন বাড়ি নির্মাণের অনুমোদন পাওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিনের বাসস্থান ছেড়ে সেখানে স্থানান্তরিত হতে পারেন বলে জোরালো আলোচনা চলছে।
বলিউডে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট শুধু একটি বাসভবন নয়, এটি সালমান খানের পরিচয়েরও একটি অংশ। তাই নতুন ঠিকানায় যাওয়ার সম্ভাবনার খবর তাঁর ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এখন দেখার বিষয়, নতুন ভবনের নির্মাণকাজ শেষ হলে সত্যিই কি বহু বছরের স্মৃতি জড়িয়ে থাকা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকে বিদায় জানাবেন বলিউডের এই জনপ্রিয় তারকা।
আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
