দেশে গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ, প্রতিদিন ঘাটতি ১,১৪৬ মিলিয়ন ঘনফুট
দেশে গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ
দেশে বর্তমানে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতিদিন প্রায় ১ হাজার ১৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের আটটি গ্রাহক শ্রেণির অনুমোদিত গ্যাস লোডের ভিত্তিতে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত গড়ে সরবরাহ হয়েছে প্রায় ২ হাজার ৬৫৪ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিনই উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস ঘাটতি থেকে যাচ্ছে।
তিনি জানান, ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং আমদানিনির্ভরতা কমাতে সরকার দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ লক্ষ্যে ২০৩১ সালের মধ্যে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২৮টি কূপে কাজ সম্পন্ন হয়েছে।
জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন গ্যাসক্ষেত্রের সন্ধানে দেশের বিভিন্ন এলাকায় সিসমিক জরিপ কার্যক্রম চলমান রয়েছে। ব্লক-৭ ও ব্লক-৯ এলাকায় প্রায় ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক (২ডি) সিসমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে সেগুলোর বিশ্লেষণ চলছে।
এ ছাড়া হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রের আশপাশে ১ হাজার ৪৫০ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক (৩ডি) সিসমিক জরিপ শিগগিরই শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী জানান, ভোলার চরফ্যাশন, জামালপুর, তিতাস, হবিগঞ্জ, নরসিংদী, লামিগাঁও, লালাবাজার, গোয়াইনঘাট, কৈলাশটিলা দক্ষিণ ও ফেঞ্চুগঞ্জ পশ্চিম এলাকায়ও নতুন করে ৩ডি সিসমিক জরিপের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশীয় অনুসন্ধান সক্ষমতা বাড়াতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের জন্য দুই হাজার ও এক হাজার ৫০০ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন দুটি নতুন ড্রিলিং রিগ কেনার কার্যক্রমও এগিয়ে চলছে বলে জানান তিনি।
ভোলায় আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোকে জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে যুক্ত করতে ভোলা-বরিশাল-জাজিরা-মাওয়া-আমিনবাজার গ্যাস পাইপলাইন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আপনার মতামত লিখুন
Array